বেগমগঞ্জে ১৬টি হাতবোমা উদ্ধার
নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের হিরাপুর গ্রামের একটি খড়ের গাদার নিচ থেকে গত বৃহস্পতিবার রাতে ১৬টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। রাতেই বোমাগুলো বেগমগঞ্জ থানায় নিয়ে পানিতে ডুবিয়ে রাখা হয়।বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার চৌধুরী গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, রাত সাড়ে আটটার দিকে ওই গ্রামের বাদল নামে এক ব্যক্তি বাড়ির সামনের খড়ের গাদার নিচে বোমাগুলো দেখতে পান। এরপর সাড়ে নয়টার দিকে তিনি নিজেই এএসআই নাজিম উদ্দিন ও অন্য পুলিশ সদস্যদের নিয়ে সেখানে যান। তাঁরা খড়ের গাদার নিচ থেকে ১৬টি তাজা বোমা উদ্ধার করেন।ইকবাল বাহার জানান, বোমাগুলো হাতবোমা হলেও আকারে বেশ বড়। তাই বেশ শক্তিশালী বলে মনে হচ্ছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অথবা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য কোনো দুষ্কৃতকারীর দল বোমাগুলো সেখানে লুকিয়ে রাখতে পারে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।