বেগমগঞ্জে ৩০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসা
সফিউল্লাহ-সামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জে ডায়াবেটিস ও হৃদ্রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বেগমগঞ্জ ইউনিয়নের আমানতপুর গ্রামের অলি ব্যাপারীর বাড়িতে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সহযোগিতা দেয় কোয়ান্টাম ফাউন্ডেশন।
চিকিৎসা ক্যাম্পে ৩০০ রোগী সেবা নেন। এ ছাড়া ৩০ জন শিশুকে বিনা মূল্যে খতনা করানো হয়। সেবা নেওয়া রোগীদের বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এ ছাড়া খতনা করানো প্রত্যেক শিশুকে লুঙ্গি ও গামছা দেওয়া হয়েছে। ক্যাম্পটি পরিচালনা করেন চিকিৎসক মাসুমা জান্নাত ও পার্থ প্রতিম।
গতকাল সকালে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীন আলম। বক্তব্য দেন সফিউল্লাহ-সামছুন্নাহার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের হৃদ্রোগ বিভাগের রেজিস্ট্রার মাসুমা জান্নাত, সহসভাপতি মুহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।