বেগমগঞ্জে ৮২৫ জন আর্সেনিকে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহিণী বিবি ছকিনা ও সায়েরা বেগমের শরীরে আর্সেনিক রোগ দেখা দিয়েছিল তিন-চার বছর আগে। এরই মধ্যে ছয় মাস টানা ওষুধ খেয়েছেন। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আগে যে রকম খসখসে ও কালছে দাগ ছিল, তা-ই রয়ে গেছে। গত বুধবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে শরিফপুর গ্রামের চিটন ভূঁইয়ার বাড়ির এই দুই গৃহিণীর মতো বাড়ির আরও সাত নারী-পুরুষ রয়েছেন, যাঁরা টানা ছয় মাস ধরে ওষুধ সেবন করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। শরীরে আর্সেনিকের ভয়াবহতা দিন দিন বেড়ে চলছে এবং নতুন করে আর্সেনিক দেখা দিচ্ছে পরিবারের অন্য সদস্যদের শরীরেও। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শুধু শরিফপুর গ্রামেই নয়, আর্সেনিক রোগী রয়েছে উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায়। বিগত ২০১০ সালের এপ্রিল থেকে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অনুসন্ধান চালিয়ে ৮২৫ জন নারী-পুরুষকে আর্সেনিক রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া যায় জিরতলী ইউনিয়নে ১৩৫ জন। সূত্র জানায়, আর্সেনিকে আক্রান্ত রোগীদের মধ্যে প্রথম দুই দফায় চিহ্নিত ৬০৫ জনকে এরই মধ্যে ছয় মাসের ওষুধ দেওয়া হয়েছে। এ ছাড়া সর্বশেষ চিহ্নিত ২২০ জন রোগীর তালিকা ও প্রয়োজনীয় তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে এখনো ওই রোগীদের জন্য ওষুধ সরবরাহ করা হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলাল খান প্রথম আলোকে বলেন, আর্সেনিক রোগ চিহ্নিত হওয়ার পরও আক্রান্তরা বেশির ভাগ ক্ষেত্রেই আর্সেনিকযুক্ত পানি পান করেন; এ কারণে আক্রান্তের সংখ্যা না কমে ক্রমশ বাড়ছে। তা ছাড়া, হাসপাতাল থেকে রোগীদের যে ওষুধ দেওয়া হয়, সেটি সেবন করলে মূলত হাত-পায়ের তালু, শরীরের চামড়ার খসখসে ভাব, কালছে দাগ কমে আসে। তবে, এ রোগ থেকে বাঁচতে আর্সেনিকমুক্ত পানি পান করার পাশাপাশি বেশি করে শাকসবজি খেতে হবে।