নোয়াখালীর বেগমগঞ্জে এম এ হাসেম কলেজের একাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষার ইংরেজি বিষয়ের ফলাফল বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার কলেজে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।প্রত্যক্ষদর্শীদের বর্ণনানুযায়ী, সকাল ১০টার দিকে একাদশ শ্রেণীর অকৃতকার্য শিক্ষার্থীরা ইংরেজির ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা ৮-১০টি জানালার কাচ ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা টায়ারে অগ্নিসংযোগ করে। এসব কারণে গতকাল কলেজে কোনো ক্লাস হয়নি।অকৃতকার্য শিক্ষার্থীরা জানায়, তাদের ইংরেজিতে পাস করার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশ নেওয়া ৩৩০ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৬০ জন পাস করেছে।শিক্ষার্থীরা বলে, তারা উত্তরপত্রে কী ভুল লিখেছে, তা দেখানোর জন্য ইংরেজির শিক্ষক আরিফুল ইসলাম ও মনির হোসেনের কাছে দাবি জানায়। কিন্তু দুই শিক্ষকই তাদের দাবি অগ্রাহ্য করেন। এমনকি এ নিয়ে বেশি কথা বললে দ্বাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষায় তাদের দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।শিক্ষক আরিফুল ইসলাম ও মনির হোসেন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে, সে অনুযায়ী নম্বর দেওয়া হয়েছে। তা ছাড়া কোনো শিক্ষার্থীকে দেখে নেওয়ার হুমকির অভিযোগ ভিত্তিহীন বলে তাঁরা দাবি করেন।কলেজের অধ্যক্ষ ইছহাক শিকদার বলেন, বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের বারবার আলোচনায় বসতে বলা হয়। কিন্তু তারা কথা না শুনে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। তিনি জানান, জরুরি বৈঠকে অকৃতকার্য শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের সঙ্গে ২০ নম্বর করে যোগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।