বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ছেনি কামাল খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী কামাল উদ্দিন ওরফে ছেনি কামালকে (৩২) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল জিরতলী ইউনিয়নের বড় হোসেনপুর গ্রামের আবদুল গোফরানের ছেলে। তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ১৬টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে কামাল বাংলাবাজার থেকে বড় হোসেনপুর গ্রামের বাড়ি ফেরার পথে মুখোশ পরা একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।