বেগমগঞ্জের সন্ত্রাসী হারুন গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের সন্ত্রাসী বাশার মেম্বার ওরফে বাশার বাহিনীর প্রধান সহযোগী হারুনুর রশিদ ওরফে হারুনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আলাইয়াপুর ইউনিয়নের বালুচতাল গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হারুন উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের বালুচতাল গ্রামের আবুল খায়েরের ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় দুটি হত্যা, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, ডাকাতি, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানতে চাইলে হারুনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, হারুন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। গ্রেপ্তারের পর তাঁকে থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাশার মেম্বার, হারুন, ছেনি কামালসহ বেশ কয়েকটি সন্ত্রাসী বাহিনীর কাছে বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের পাঁচটি ইউনিয়নের সাধারণ মানুষ জিমিঞ্চ হয়ে আছে।