বেগমপাড়ায় বেশির ভাগ বাড়ি আমলাদের: সংসদে রুস্তম আলী ফরাজী
জাতীয় পার্টির সাংসদ রুস্তম আলী ফরাজী দাবি করেছেন, কানাডার বেগমপাড়ায় যাঁরা বাড়ি করেছেন, তাঁদের বেশির ভাগই সরকারি কর্মকর্তা। আমলারা দুর্নীতি করে তাঁদের স্ত্রীর নামে বিদেশে বাড়ি কেনেন। প্রশাসনের সর্বত্র ঘুষ, দুর্নীতিতে ছেয়ে গেছে।
আজ সোমবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে ফরাজী এসব কথা বলেন।
জাতীয় পার্টির এই সাংসদ বলেন, ‘একজন বলেছেন, এক হাজারের ওপরে বেগমপাড়া রয়েছে কানাডায়। কারা করেছেন? তাঁরা কি সব এমপি? নো। ম্যাক্সিমাম সরকারি কর্মকর্তা। কিছু ব্যবসায়ী। আর কিছু আমাদের নষ্ট রাজনীতিবিদ। এই অপদার্থ কিছু রাজনীতিকের কারণে সব রাজনীতির নামে চালানো হয়। রাজনীতিবিদ নয়, সবচেয়ে বেশি হচ্ছেন আমলারা—সরকারি কর্মচারীরা। তাঁরা দুর্নীতি করে আগে স্ত্রীর নামে বাড়ি কেনেন। ছেলেকে পাঠান। পরে নিজে যান। দুর্নীতি–লুটপাট করে ফাঁকেফোকে ওখানে পাঠিয়ে দেন।’
রুস্তম আলী ফরাজী বলেন, ‘এমন কোনো মন্ত্রণালয়, বিভাগ বা ক্ষেত্র নেই, যেখানে ঘুষ ছাড়া কেউ কোনো কাজ করাতে পারেন। আর কেউ পারলে তিনি ভাগ্যবান। ভূমি অফিসে গেলে এসি ল্যান্ডকে ঘুষ দেওয়া লাগবে। আরেক জায়গায় গেলে তহশিলদারকে ঘুষ দেওয়া লাগবে। একটু বড় কাজ হলে ইউএনওকে টাকা দেওয়া লাগবে। আরও বড় হলে ডিসিকে টাকা দেওয়া ছাড়া হবে না।’
রুস্তম আলী বলেন, ‘থানায় তো দারোগা বাবুরা। আপনে মার খাবেন, আপনার লোক আহত হবে, নিহত হবে। তারপরও এফআইআর করতে গেলে আগে টাকা, তারপর কথা। এটা কেমন ব্যাপার। ব্রিটিশ আমলেও সবাই ঘুষ খেত না। পাকিস্তান আমলেও সবাই খেত না। এখন একেবারে প্রত্যেকেই। ওখান (থানা) থেকে শুরু করে সার্কেল এএসপি। এডিশনাল এসপি। এসপি। আর কত দূর উপরে আছে জানি না। এর ওপরে বললে লাভ কী?’
স্বাস্থ্য খাতের কোনাকাটায় দুর্নীতির অভিযোগ এনে জাতীয় পার্টির এই সাংসদ বলেন, সার্জিক্যাল মাস্কের দাম কোনোটি চার টাকা, কোনটির দাম একটু বেশি। কিন্তু মন্ত্রণালয় এগুলো কিনেছে সাড়ে তিন শ থেকে সাড়ে চার শ টাকা করে। প্রতিটি মাস্ক থেকে সত্তর থেকে আশি গুণ টাকা লুটপাট হয়েছে। তারা আইসোলেশন, কোয়ারেন্টিন বোঝে না।
ফরাজী বলেন, ‘এই করোনার সময় যদি কেনাকাটায় আকাশচুম্বী দুর্নীতি করে, তাহলে দেশটি কী করে এগোবে? বঙ্গবন্ধুর আদর্শ কী করে বাস্তবায়ন হবে। চিৎকার দিয়ে আকাশে-বাতাসে বক্তৃতা দিয়ে সাত মার্চের ভাষণ বাজিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা যাবে না। তাঁর ধ্যানধারণা চিন্তার বিষয়টি মনে করতে হবে।’
মন্ত্রীদের সমালোচনা করে রুস্তম আলী ফরাজী বলেন, আজকে যাঁরা মন্ত্রী আছেন তাঁদের দায়বদ্ধতা কী? সবাই গিয়ে হাত তোলেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী কী মাস্ক কিনবেন? তিনি কী ভূমি অফিসের তহশিলদারের ঘুষ ঠেকাবেন? তিনি কী ওসি-এসপির ঘুষ ফেরাবেন? হোয়ার আর দ্য মিনিস্টারস? হোয়াট ইজ হিজ ডিউটি? তাঁরা কি রুলস অব বিজনেস পড়েন? রাষ্ট্রপতি কি বিভাজন করে তাঁদের ক্ষমতা দেননি? অনেক ভালো মন্ত্রী এখানে রয়েছেন। তাঁদের সালাম করি। তাঁদের লাইফস্টাইল শুনলে ভালো লাগে। কিন্তু যাঁরা চালাতে পারেন না। হয়তো নিজেরা দুর্নীতি করেন অথবা দুর্নীতির কাছে তাঁরা আত্মসমর্পণ করেন।