বেগুন, কাঁচামরিচের দাম নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজায় পণ্যের দাম, মজুত ও সরবরাহ স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেগুন, কাঁচালঙ্কা, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার দুপুরে সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সভায় পণ্যমূল্য স্থিতিশীল রাখতে এবং খাদ্যে ভেজাল রোধে ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল মান্নান বলেন, চলতি সংসদে ফরমালিন বিরোধী বিল আসবে। সেখানে যাবজ্জীবন কারাদণ্ডের বিধানসংবলিত আইন পাস হতে পারে।
আবদুল মান্নান আরও বলেন, সারা দেশে যাঁরা বাজারে দাম নিয়ে কারসাজি করেন, মজুত করেন, ষড়যন্ত্র করেন তাঁদের একটি তালিকা প্রধানমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীর কাছে রয়েছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি ভেজালবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার ও পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, অন্যবারের মতো এবার অন্যান্য ভোগ্যপণ্যের দাম বাড়েনি। তবে রোজা আসার আগেই বেগুনের দাম ১০০ টাকা হয়ে গেছে। পেঁয়াজ কাঁচামরিচের দামও বেড়ে গেছে। এটা কাম্য নয়। ব্যবসায়ীদের সহযোগিতার মনোবৃত্তি নিয়ে এগিয়ে আসতে হবে। তাহলেই দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব।
মাহবুবুল আলম বলেন, ‘পাঁচটি পণ্য ইতিমধ্যে রপ্তানি নিষিদ্ধ করেছে। তার পরও কেন কাঁচামরিচ, ধনেপাতা, বেগুনের দাম বাড়বে? কয়েক দিনের মধ্যে এই দাম কমে যাবে বলে আমরা আশা করছি।’
বনজ মজুমদার বলেন, ফরমালিন রোধে ব্যবসায়ীদেরই সচেতন হতে হবে। নিজের পণ্যকে ফরমালিনমুক্ত ঘোষণা দিয়ে ব্যবসা করার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
পুলিশ সুপার কে এম হাফিজ আক্তার বলেন, শহরের পাশাপাশি উপজেলায়ও ফরমালিন ও ভেজালবিরোধী অভিযান জোরদার করা প্রয়োজন।