বেগুন খাসি, কাঁঠালের তরকারিসহ আরও কত পদ!

এক মাস আগেই যশোরের কেশবপুরের সব গৃহিণীকে জানিয়ে দেওয়া হয় রান্নার এ প্রতিযোগিতার কথা। তবে ব্যতিক্রম হলো, রান্নাটি হতে হবে অবশ্যই সবজি, থাকবে না কোনো মাছ-মাংসের ছোঁয়া।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার কেশবপুর পাবলিক ময়দানে বৈশাখী মেলায় সবজি রান্নার এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এলাকার ৬৭ জন গৃহিণী একটি করে সবজির পদ রান্না করে নিয়ে আসেন। বেগুন খাসি, কচি কাঁঠালের তরকারি, পনির, লাউশাক, কচুশাক, মোচার তরকারিসহ বিভিন্ন রান্না। অনুষ্ঠানের ১০ বিচারক একে একে চেখে দেখেন ৬৭টি পদ।
এ অনুষ্ঠানের বিচারকদের মধ্যেও ছিল ভিন্নতা। বিচারক হিসেবে ছিলেন সবজি বহনকারী ভ্যানওয়ালা বিল্লাল হোসেন, সবজিচাষি ইসমাইল হোসেন, খাদ্যের পুষ্টিগুণ বিচারের জন্য কেশবপুরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ আবু শাহীন, কেশবপুরের কৃষি কর্মকর্তা মহাদেব সানা, গৃহিণী তানজিলা পিয়াস, শিক্ষার্থী আনজুমারা পপি, অধ্যাপক মশিউর রহমান, সাংবাদিক কবির হোসেন, অভয়নগর ও কেশবপুরের মহিলাবিষয়ক কর্মকর্তা বিনা মজুমদার ও মৌসুমী আক্তার। আর মাঠভর্তি নারী দর্শকে উৎসবমুখর ছিল পুরো পরিবেশ।
কচি কাঁঠালের (ইঁচড়) তরকারি রান্না করে প্রথম পুরস্কার পান মনিরা বেগম। পুরস্কার হিসেবে ছিল একটি মাইক্রো ওভেন। দ্বিতীয় পুরস্কার পান চুমকি পাল। তৃতীয় পুরস্কার পান আটজন। তাঁরা হলেন সুষমা মল্লিক, চন্দনা সাহা, শামীমা ইসলাম, শামীমা ইসলাম মনি, স্মীতা দাস, পারভিন নাসির, স্বপ্না সাহা, অফরোজা খাতুন। বিচারকেরা কত নম্বর দিয়েছেন, তা গোপন রাখা হয়।
এই অনুষ্ঠান নিয়ে এক মাস ধরেই ব্যাপক উত্তেজনা ছিল এলাকার গৃহিণীদের ভেতরে। বিজয়ী মনিরা খাতুন বলেন, ‘কেশবপুরের উপজেলা প্রশাসন আমাদের মূল্যায়ন করল, এটা অনেক বড় গর্বের।’
এই প্রতিযোগিতার ব্যাপারে নাসিমা সাদেক বলেন, ‘আমরা হাঁড়ি ঘুঁটি, আমাদের রান্নার কোনো মূল্যায়ন করা হয় না।’ রোকেয়া পারভিন নামের আরেক গৃহিণী বলেন, মায়েদের সম্মানিত করা হচ্ছে, এটাই অনেক বড় বিষয়। গৃহিণী তানজিলা পিয়াস বলেন, ‘স্বাদ, ঝাল, লবণ ও পরিবেশনার ওপর বিবেচনা করে রান্না করেছি।’
আয়োজক কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, ‘আমাদের মা ও গৃহিণীরা সব সময় পর্দার অন্তরালে থাকেন। তাঁদের সারা জীবন কাটে রান্নাঘরে। তাঁদের কেউ মূল্যায়ন করে না। নারীদের মূল্যায়ন করার এই উদ্যোগ নিয়েছি।’