বেগুন খেতে মড়ক, ক্ষতির শঙ্কায় চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার বেড়িবাঁধ এলাকায় বেগুন খেতে মড়ক দেখা দিয়েছে। ফসল তোলার আগ মুহূর্তে মড়ক দেখা দেওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের সাপমারা খালের মুখ থেকে দক্ষিণ দিকে চর জুঁইদণ্ডী ও মাঝেরঘাট এলাকা পর্যন্ত দুই কিলোমিটার এলাকার বেড়িবাঁধের দুই ঢালে চাষ করা হয়েছে বেগুনের। এসব খেতে বেশ কিছু গাছে মড়ক লেগেছে। মড়ক লাগা গাছের পাতা লালচে বর্ণ ধারণ করেছে। চাষিরা এসব গাছ তুলে খেত থেকে ফেলে দিচ্ছেন।

চাষিরা জানান, বেড়িবাঁধের ২৫ একর জায়গায় শতাধিক চাষি গত আগস্ট মাসে বেগুনচারা রোপণ করেন। সবকিছু ঠিক থাকলে নভেম্বর ও ডিসেম্বর মাসে পুরোদমে বেগুন বাজারজাত করার কথা। এর মধ্যে মড়ক লাগায় চাষিরা আতঙ্কিত। গাছের পাতায় লালচে বর্ণ ধরার সপ্তাহ খানেকের মধ্যে গাছ মরে যাচ্ছে। খেত রক্ষা করতে চাষিরা বিভিন্ন কীটনাশক প্রয়োগ করলেও সমস্যা কাটছে না।

চাষি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ‘আমি ৬০ শতক (দেড় কানি) জমিতে বেগুন চাষ করেছি। এতে আমার প্রায় এক লাখ টাকা ব্যয় হয়েছে। কিছু কিছু গাছে ফলনও এসেছে। সব ঠিক থাকলে আমি দ্বিগুণ লাভ করতে পারতাম। কিন্তু খেতে মড়ক লাগায় ভয়ে আছি।’

এ ব্যাপারে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন দেবনাথ বলেন, পোকার আক্রমণে বা ছত্রাকের কারণে বেগুনগাছের পাতা লালচে হয়ে থাকে। এ জন্য চাষিরা বিডোমিন–জাতীয় কীটনাশক ১০ লিটার পানিতে ২৫ গ্রাম মিশিয়ে খেতে ছিটাতে পারেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন বলেন, ‘সমস্যাটির সমাধানে আমরা সরেজমিন পরিদর্শন করে চাষিদের পরামর্শ দেব।’