বেগুন চাষে অভাব দূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সূর্যপুর গ্রামের দিনমজুর সাইদুর রহমান নিজ খেতের বেগুন তুলছেন। ছবিটি গত শুক্রবার তোলা l প্রথম আলো
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সূর্যপুর গ্রামের দিনমজুর সাইদুর রহমান নিজ খেতের বেগুন তুলছেন। ছবিটি গত শুক্রবার তোলা l প্রথম আলো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সূর্যপুর গ্রামের দিনমজুর সাইদুর রহমানের পৈতৃক ৫ শতক বসতভিটা ছাড়া কোনো জমি ছিল না। অন্যের জমিতে মজুর খেটে রোজ পেতেন ১২০-১৩০ টাকা। তা দিয়ে বৃদ্ধ মা-বাবাকে নিয়ে কষ্টেসৃষ্টে সংসার চলাতেন। সেই সাইদুর বেগুন চাষ করে অভাব দূর করেছেন। এখন তিনি স্বাবলম্বী।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৫ সালে বিয়ে করে আরও কষ্টে পড়েন সাইদুর। দিনমজুরির টাকায় সংসার চলে না। পরে তাঁর স্ত্রীর ১০ হাজার টাকা দিয়ে পরাপুকুর বাজারে একটি মুদি দোকান শুরু করেন। কিন্তু অল্প পুঁজির কারণে দোকান বন্ধ হয়ে যায়। তাঁর এই অবস্থা দেখে ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রভাষক আবেদ আলী তাঁকে বেগুন চাষের পরামর্শ দিয়ে ২০০৭ সালে ১৫ হাজার টাকা বার্ষিক ভাড়ায় ২ বিঘা জমি দেন। ওই জমি থেকেই তাঁর জীবনের উত্থান শুরু। পরে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ ও বাড়ির গাভি বিক্রি থেকে পাওয়া ২৭ হাজার টাকা দিয়ে বেগুনের চাষ শুরু করেন। কিন্তু সে বছর লাভ হয়নি।

হার না মেনে সাইদুর পরের বছর ওই জমি আবাদ করে ১ লাখ ২০ হাজার টাকার বেগুন বিক্রি করে ৮০ হাজার টাকা লাভ করেন। এই লাভ বেগুন চাষের প্রতি তাঁর উৎসাহ বাড়িয়ে দেয়। ওই ৮০ হাজার টাকায় ১২ শতক জমি কেনেন তিনি। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে গরু মোটাতাজাকরণের ওপর প্রশিক্ষণ থাকায় ২০০৯ সালে বেগুন চাষ থেকে পাওয়া প্রায় ১ লাখ টাকায় চারটি গাভি কেনেন। ২০১০ সালের বেগুনের আয় থেকে একটি টিনের চালাঘর তৈরি করেন।

২০১১ সাল থেকে বেগুনের সঙ্গে আলুর চাষ শুরু করেন সাইদুর। সাইদুর বলেন, বেগুন চাষে বিঘাপ্রতি ২৫-২৬ হাজার টাকা খরচ লাগে। জুলাই মাসে চারা রোপণ করে ফেব্রুয়ারি পর্যন্ত বেগুন তোলা যায়। অগ্রহায়ণ-পৌষে ফলন বেশি হয় ও পৌষের শেষে ফলন কমতে থাকে। এ ছাড়া তিনি গত মৌসুমে আড়াই বিঘার আলুতে ৯৫ হাজার টাকা লাভ করেন। এবার ৩ একর জমিতে আলুর চাষ করেছেন। তাঁর রিকশাভ্যান ও শ্যালো মেশিন (অগভীর নলকূপ) রয়েছে।

সাইদুর আরও বলেন, ‘অভাবের কারণে দাখিল পরীক্ষা দেওয়ার পর আর পড়া হয়নি। অতীতে এমনও দিন গেছে দিনমজুরি না করলে স্ত্রীসহ অনাহারে থাকতে হতো। এখন আমার আয় বেড়েছে। গ্রামের অনেক যুবক আমার মতো কৃষিকাজ করে পরিবারে হাসি ফুটিয়েছে। আমি চাই গ্রামের যুবকদের মতো আর ১০ গ্রামের যুবকরাও কৃষিতে এসে স্বাবলম্বী হউক।’

২ ফেব্রুয়ারি সূর্যপুর গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামে বসতভিটা ছাড়া বাকি জমিগুলো বেগুন, আলু, টমেটো ও গমে ছেয়ে গেছে। ওই গ্রামের ১৬-১৭ জন যুবক চুক্তিতে নেওয়া জমিতে বেগুন ও আলু ফলাতে ব্যস্ত। ওই গ্রামের আবুল কালাম আজাদ, সন্তোষ রায় ও জাহেদুর রহমান বলেন, ‘আমাদের মধ্যে ডিগ্রি পাস করা যুবকও আছে। সাইদুর আমাদের চোখ খুলে দিয়েছে। তাকে দেখে আমরা বেগুন-আলুসহ অন্য ফসল আবাদ করে আয়-উন্নতি করছি।’

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আবহাওয়া উপযোগী হওয়ায় পীরগঞ্জে বেগুন এখন সারা বছরের ফসল। পাঁচ-সাত বছর আগের তুলনায় পীরগঞ্জে বেগুন চাষির সংখ্যা বেড়েছে। পীরগঞ্জে এবার ৩৫০ হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছে।