বেগুন চাষে লাভবান লোহাগাড়ার চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেত থেকে বেগুন তুলে বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়েছে। সদর ইউনিয়নের সরকারপাড়া থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
খেত থেকে বেগুন তুলে বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়েছে। সদর ইউনিয়নের সরকারপাড়া থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রামের লোহাগাড়ায় বেগুনচাষিরা এবার উৎপাদিত সবজি বিক্রি করে লাভের মুখ দেখেছেন। প্রতিবছর রমজান মাসে বেগুনের চাহিদা বেড়ে যাওয়ায় চাষিরা বেগুন চাষে ঝুঁকছেন।
লোহাগাড়ার সদর ইউনিয়নের বেগুনচাষি রাশেদুল ইসলাম বলেন, রমজান মাসে বেগুনের চাহিদা বেড়ে যায়। এবার প্রতি কেজিতে ১৫ টাকার মতো খরচ পড়েছে। পাইকারি বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০ টাকা। এতে এলাকার সব বেগুনচাষি লাভবান হচ্ছেন।
কৃষি অফিস সূত্র জানায়, রমজান মাস সামনে রেখে এবার উপজেলার প্রায় ৫০ একর জমিতে বেগুন চাষ হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে।
লোহাগাড়া উপজেলায় পদুয়া ও বড়হাতিয়া ইউনিয়নে সবচেয়ে বেশি বেগুন উৎপাদিত হয়। পদুয়া ইউনিয়নের কৃষক প্রদীপ বড়ুয়া বলেন, তিনি প্রায় ছয় হাজার টাকা খরচ করে ১২ শতক জমিতে বেগুন চাষ করেছেন। কেজিপ্রতি ৩০ টাকা পাইকারি দরে এ পর্যন্ত ২০ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন।
বড়হাতিয়া ইউনিয়নের চাষি সিরাজুল ইসলাম ১০ শতক জমিতে বেগুন চাষ করেছেন। তাঁর খরচ হয়েছে প্রায় সাত হাজার টাকা। তিনিও প্রায় ৩০ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন বলে জানান।
এ বিষয়ে লোহাগাড়া কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, বন্যা না হওয়ায় এবার সবজিখেতের কোনো ক্ষতি হয়নি। ফলনও ভালো হয়েছে। বেগুন বিক্রি করে কৃষকেরাও লাভবান হচ্ছেন।