বেগুন নিয়ে বিপাকে চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় চাষিরা এবার বেগুন আবাদ করে লোকসানের মুখে পড়েছেন। গত মৌসুমে ভালো দাম পাওয়ায় এ বছর বেগুনের ব্যাপক আবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো। কিন্তু স্থানীয় বাজারে চাহিদা কম এবং ক্রেতাসংকটের কারণে চাষিরা বেগুন নিয়ে বিপাকে পড়েছেন।উপজেলার ভেলাতৈড় গ্রামের চাষি নুরে আলম বলেন, ‘গত বছর এ সময় প্রতি মণ বেগুন চার থেকে সাড়ে ৪০০ টাকায় বিক্রি করেছি। এবার পাচ্ছি মাত্র ১১০ থেকে ১২০ টাকা (প্রতি কেজি তিন টাকা)। এবার অনেক টাকা লোকসান হবে।’ ভামদা গ্রামের মো. গোলাম মোস্তফা বলেন, গত বছর বেগুনের দাম ও চাহিদা ছিল প্রচুর। এ বছর স্থানীয়ভাবে চাহিদা নেই, বাইরের পার্টিও তেমন দাম হাঁকায় না।ভেলাতৈড় গ্রামের তফিকুল ইসলাম, সেনুয়া গ্রামের আবদুর রহমান ও ফজির উদ্দীনসহ একাধিক চাষির সঙ্গে কথা বলে জানা গেছে, বেগুনের চাষ করতে বিঘাপ্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। জুলাই মাসে বেগুনের চারা রোপণ করার সময় থেকে ফলন তোলা পর্যন্ত ছয় মাসে যে পরিমাণ আয় হওয়ার কথা এবার তার অর্ধেকই ওঠেনি। প্রতিবারের মতো এবারও কার্তিকের শেষের দিকে ফলন ওঠা শুরু হয়। প্রথম দিকে ফলন কম হলেও ভালোই দাম পাওয়া যাচ্ছিল। কিন্তু অগ্রহায়ণের শেষ সপ্তাহ থেকে এর চাহিদা ও দাম দুই-ই কমতে শুরু করেছে। এ এলাকায় অগ্রহায়ণের তৃতীয় সপ্তাহ থেকে পৌষের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বেগুনের ফলন বেশি পাওয়া যায়। এ সময় প্রতি সপ্তাহে প্রতি বিঘায় ১৫ থেকে ৩০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। অথচ পুরো মৌসুমেই বাজারে দর কম চলছে। গত বছরের তুলনায় এবার এক-চতুর্থাংশ দামও মিলছে না।উপজেলা কৃষি কর্মকর্তা সহিরউদ্দীন আহম্মদ বলেন, পীরগঞ্জের ভেলাতৈড়, বীরহলী, বেগুনগাঁও, গুয়াগাঁও, ভেমটিয়া, সেনুয়া, কুশারিগাঁও, ভামদা, আকাশিলসহ কয়েকটি গ্রামে বহুদিন থেকেই ‘কাটালি’ বেগুনের আবাদ হয়ে আসছে। এ বছর উপজেলায় ৫০০ একরের বেশি জমিতে বেগুনের চাষ হয়েছে। এ থেকে পুরো মৌসুমে তিন হাজার মেট্রিক টন বেগুন উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে।