বেগুনচাষিদের পোয়াবারো
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলুসহ অন্য সবজিচাষিরা যখন লোকসানে বিপর্যস্ত, তখন বেগুনচাষিদের মুখে চওড়া হাসি। কারণ, যে বেগুন কিছুদিন আগেও ৩০০ টাকা দরে মণ বিক্রি হয়েছে, সেই বেগুনই এখন এক হাজার ৬০০ টাকা থেকে এক হাজার ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গত বৃহস্পতিবার কথা হয় উপজেলার রায়নগর ইউনিয়ন টেপাগাড়ী গ্রামের বেগুনচাষি মেনহাজ আলীর সঙ্গে। খেতে নিড়ানি দিতে দিতে তিনি বলেন, ‘এভাবি সারা বছর দামডা প্যালে ভালোই হলোহিনী!’ এবার তাঁর এত ফুরফুরে মেজাজে থাকার কারণ আছে বৈকি। কয়েক বছর হলো, প্রতিবারই বেগুন চাষ করে লোকসান গুনছেন। এবারও মৌসুমের প্রথম দিকে অবস্থা আগের মতোই ছিল। কিন্তু এখন পুরো দৃশ্যপট পাল্টে গেছে। দাম তো বেড়েছেই, বাজারে ফসল বয়ে নেওয়ার ঝামেলা পর্যন্ত নেই। খুচরা ও পাইকারি বিক্রেতারাই এখন বেগুন কিনতে চাষিদের খেতে খেতে ঘুরছেন।
উপজেলার দেওলী ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের কৃষক জনাব আলী এবার ১০ শতক জমিতে বেগুন চাষ করেছেন। চার হাজার ৮০০ টাকা খরচ করে ওই জমিতে বেগুন পেয়েছেন ১৪ মণ। প্রতি মণ এক হাজার ৬০০ টাকা করে বিক্রি করছেন। সব খরচ বাদ দিয়ে এবার তাঁর ১৭ হাজার টাকার ওপরে লাভ থাকবে বলে আশা করছেন এই চাষি।
সবজি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক মাস আগেও বাজারে বেগুনের দাম ছিল প্রতি মণ ৩০০ থেকে ৪০০ টাকা। এখন এর দাম চার থেকে পাঁচ গুণ বেড়েছে। এবার বেগুনের ফলন কম হওয়ায় দাম বাড়তি বলে জানান তাঁরা।
মহাস্থান হাটে ২০ ফেব্রুয়ারি আসা চকভোলাখাঁ গ্রামের দুলাল মিয়া বলেন, ‘বেগুন ছুঁলেই যেন হাতে ছ্যাঁকা লাগছে। খুচরা দোকানিরা প্রতি কেজির দাম চাচ্ছেন ৫৫ টাকা। অবস্থা দেখে মনে হচ্ছে, এক কেজি বেগুন কিনতে কয়দিন পর এক মণ আলু বেচতে হবে।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, ‘উপজেলার ২৮০ হেক্টর জমিতে বেগুনের চাষ হচ্ছে। বেগুনের উৎপাদনের ধরন হলো, একবার বেশি ফলন হলে পরেরবার কম হয়। এবার ফলন কিছুটা কম। তাই দাম বাড়তি। ফলে যেসব বেগুনচাষিদের ফলন আছে তাঁরা ভালো মুনাফা করছেন।’