বেগুনবাড়িতে সাত তলা একটি ভবন হেলে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে একটি সাততলা ভবন হেলে পড়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেন। গত মঙ্গলবার রাতে মধ্য বেগুনবাড়িতে একটি পাঁচতলা ভবন উপড়ে পড়ার ঘটনার রেশ না কাটতেই গতকাল ওই ভবনটি হেলে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু হাশেম জানান, উত্তর বেগুনবাড়িতে ৪০/এ/৭ প্লটের সাততলা ভবনটি কয়েক দিন আগেই উত্তরদিকে কিছুটা হেলে পড়ে। এলাকাবাসী কয়েক দিন আগে ভবনটির সামান্য হেলে পড়া দেখলেও গুরুত্ব দেয়নি। গতকাল সকালে তাদের মনে হয়েছে, ভবনটি আরও একটু হেলে পড়েছে। এরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।দুপুরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তবে ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা নিশ্চিত করে বলতে পারেননি, ঠিক কবে ও কখন ভবনটি এভাবে হেলে পড়েছে। পুলিশ সেখানে গিয়ে বাড়ির মালিক সিরাজ মিয়াকে খুঁজে পায়নি বলে জানা গেছে।শিল্পাঞ্চল থানার পুলিশ জানায়, বিকেলের দিকে রাজউকের কর্মকর্তারা এলাকাটি পরিদর্শন করেন। তাঁরা জানান, ওই ভবনটি অনুমোদন ছাড়া নির্মাণ করা হয়েছে। রাজউক ভবনটি ভেঙে দেবে বলে পুলিশকে জানিয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে মধ্য বেগুনবাড়ির ১৮/বি পাঁচতলা বাড়িটি নিচের পিলারসহ উপড়ে পাশের চারটি তিনতলা টিনশেড বাড়ির ওপর পড়ে। এ ঘটনায় নারী-শিশুসহ ২৫ জন মারা যায়।