বেগুনবাড়ির সেই বাড়িটি ভাঙা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বেগুনবাড়ির হেলেপড়া সাততলা বাড়িটি ভাঙা শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল সোমবার বেলা ১১টা থেকে রাজউকের কর্মকর্তাদের তত্ত্বাবধানে ৩০ জন শ্রমিক বাড়িটি ভাঙার কাজ শুরু করেন। অবশ্য গত রোববার বিকেল থেকেই বাড়ির মালিকের লোকজন বাড়ি ভাঙার কাজ শুরু করেন। জানা যায়, মালিকপক্ষের লোকেরা গতকাল সকাল আটটা থেকে আবার বাড়িটি ভাঙার কাজ শুরু করেন। বাড়ির হেলেপড়া অংশে তাঁরা চট টাঙিয়ে দেন। প্রায় ১০ জন শ্রমিক ভাঙার কাজ শুরু করেন। সকাল ১০টায় রাজউকের কর্মকর্তাদের তত্ত্বাবধানে ৩০ জন শ্রমিক সেখানে যান। বেলা ১১টা থেকে রাজউকের শ্রমিকেরা ভাঙার কাজ শুরু করেন। বিকেল পাঁচটা পর্যন্ত ভাঙার কাজ পুরোদমে চলে।রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা গতকাল সেখানে যান এবং বাড়িটি ভাঙার কাজ তদারকি করেন। তিনি জানান, বেগুনবাড়ির আরও ১০-১২টি ঝুঁকিপূর্ণ ভবনও পর্যায়ক্রমে ভাঙা হবে।হেলেপড়া বাড়ির তত্ত্বাবধায়ক আকবর হোসেন জানান, তাঁরা দ্বিতীয় দিনের মতো ভাঙার কাজ শুরু করার পর রাজউকের লোকেরা এসে ভাঙার কাজে যোগ দিয়েছেন। গত শুক্রবার বেগুনবাড়ির ওই বাড়িটি হেলে পড়লে শনিবার রাজউকের পক্ষ থেকে তা ভেঙে ফেলার জন্য বলা হয়। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে মধ্য বেগুনবাড়িতে পাঁচতলা একটি ভবন উপড়ে পাশের চারটি তিনতলা টিনশেড বাড়ির ওপর পড়লে ২৫ জন মারা যান।