বেগুনের কেজি ৮০ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কাঁচাবাজারে হঠাৎ করেই গতকাল বৃহস্পতিবার রমজানের প্রথম দিনে কয়েকটি তরিতরকারির দাম বেড়ে যায়। এর মধ্যে বেগুনের কেজি হাঁকা হয় ৭০-৮০ টাকা। কাঁচা মরিচ ও ধনেপাতা বিক্রি হয় ১৫০-১৬০ টাকা কেজি দরে।
ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক দিন ধরেই এসব খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। সরবরাহ কম থাকায় দাম বেশি পড়ছে। কিন্তু ক্রেতারা এ অজুহাত মানতে নারাজ। তাঁরা মনে করেন, রমজান উপলক্ষে ব্যবসায়ীরা কারসাজি করেই দাম বাড়াচ্ছেন।
গতকাল নগরের রিয়াজ উদ্দিন বাজারে গিয়ে দেখা যায়, দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাগিবতণ্ডা চলছে। কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়েই বাড়তি দামে কেনাকাটা সারেন তাঁরা। আবদুল হালিম নামে একজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৩০-৪০ টাকার বেগুন এক লাফে ৮০ টাকা হওয়ার কী যুক্তি আছে। রমজানে বেগুনির জন্য বেগুনের চাহিদা থাকে বলেই ইচ্ছে করে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
বাজারের দোকানি হযরত আলী বলেন, কারসাজির কিছু নেই। গত কয়েক দিন থেকেই দাম বাড়তি। সরবরাহ স্বাভাবিক হয়ে এলে আর সমস্যা থাকবে না।
গতকাল রিয়াজ উদ্দিন বাজারের পাইকারি দোকানে বেগুন বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা কেজি দরে। খুচরা ৭০-৮০ টাকা। টমেটোর কেজি ছিল ১১৫-১২০ টাকা, দেশি গাজর ৫৫-৬০ ও চীন থেকে আমদারি করা গাজর ৯০-৯৫ টাকা এবং খিরা বিক্রি হয় ৪০-৪৫ টাকা কেজি দরে। এ ছাড়া অন্যান্য শাকসবজির দাম প্রায় স্থিতিশীল রয়েছে।