বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব নভেম্বরের সাতাশে

সারা রাত দেশ-বিদেশের কিংবদন্তি শিল্পীদের উচ্চাঙ্গসংগীতের সুরলহরী, নৃত্যের তালে ডুবে থাকার আসর শুরু হচ্ছে আবার। বেঙ্গল ফাউন্ডেশন গতকাল শনিবার সে সুখবর জানাল। তারিখটাও চূড়ান্ত, আগামী ২৭ নভেম্বর শুরু হবে আসর। বনানী আর্মি স্টেডিয়ামে পাঁচ দিনের এ আয়োজন চলবে ডিসেম্বরের প্রথম দিন অবধি। এবারের উৎসব উৎসর্গ করা হবে বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে। গেল বছর এ উৎসবমঞ্চেই শেষবারের মতো কথা বলেছিলেন এই শিল্পী।
গতকাল সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে খবরটি জানান আয়োজক সংস্থার কর্তারা।
উৎসবের বিস্তারিত তথ্য জানানোর আগে তালবাদ্য পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের চার খুদে শিল্পী ফাহমিদা নাজনীন, মোহাম্মদ ভুবন, সুপান্থ মজুমদার ও পঞ্চম স্যানাল।
সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। আরও কথা বলেন বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের, ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ফাহিম মুনয়েম, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ, স্কয়ার টয়লেট্রিজের বাজারজাতকরণ বিভাগের প্রধান মালিক মোহাম্মদ সাঈদ। বিগত বছরের উৎসবে সাফল্যের কথা উল্লেখ করে বক্তারা উৎসবকে কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান বা একটি নির্দিষ্ট গোষ্ঠীর না ভেবে বাংলাদেশের উৎসব হিসেবে মনে করে আয়োজনকে আরও বেশি সফল করার আহ্বান জানান।
আবুল খায়ের বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি নতুন কিছু সৃষ্টি করতে, ধারা তৈরি করতে। যেখান থেকে মানুষ শিখতে ও জানতে পারবেন। এরই একটা অংশ এই আসর। সম্পূর্ণ অনুকরণ নয়, নিজস্ব সৃষ্টিশীলতা নিয়ে কাজ করলে অবশ্যই সফলতা পাওয়া সম্ভব।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবে যোগ দেবেন ওস্তাদ জাকির হোসেন। তিনি একক তবলাবাদন পরিবেশন করবেন। এবারের অন্য নতুন শিল্পীরা হচ্ছেন বাঁশিশিল্পী জয়াপ্রদা রামমূর্তি। প্রথমবারের মতো আসছেন খ্যাতিমান কর্ণাটকি কণ্ঠশিল্পী পদ্মবিভূষণ বালমুরালীকৃষ্ণ। তিনি এবারের প্রবীণতম শিল্পী। তাঁর সঙ্গে বাঁশিতে যুগলবন্দী বাজাবেন গ্র্যামি অ্যাওয়ার্ড নমিনি শিল্পী রনু মজুমদার। উৎসবে আরও আসছেন জনপ্রিয় খেয়ালিয়া শুভা মুডগাল, শ্রুতি সাদোলিকার ও ধ্রুপদিয়া ওয়াসিফউদ্দিন ডাগর। ভারতের ‘সিংগিং ভায়োলিন’খ্যাত এন রাজমের নেতৃত্বে আসছেন কর্ণাটকি ধারার তিন প্রজন্মের বেহালাশিল্পী। কুচিপুডি নৃত্য পরিবেশন করবেন বিশিষ্ট দম্পতি রাজা ও রাধা রেড্ডি। আসবেন একই পরিবারের দুজন ভিন্ন মেজাজের শিল্পী ইরশাদ খান ও সুজাত খান। ময়মনসিংহের গৌরীপুরের প্রবাদপ্রতিম সেতারিয়া ওস্তাদ বিলায়েৎ খাঁর ভ্রাতুষ্পুত্র ইরশাদ খান সুরবাহার বাজাবেন। বিলায়েৎ খাঁর পুত্র ওস্তাদ সুজাত খান পরিবেশন করবেন সেতার।
উৎসবে নতুন যন্ত্র হিসেবে থাকছে সরস্বতী বীণা। পরিবেশন করবেন জয়ন্তী কুমারেশ। প্রায় বিলুপ্ত এসরাজ বাজিয়ে শোনাবেন শুভায়ু সেন মজুমদার। বিগত বছরের মতো এবারও থাকবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, শিবকুমার শর্মা, অজয় চক্রবর্তী, সুরেশ তালওয়ালকার, উল্লাস কশলকার, তেজেন্দ্রনারায়ণ মজুমদার ও ওস্তাদ রশিদ খান। এ ছাড়া জনপ্রিয় শিল্পী রাহুল শর্মা ও কৌশিকী চক্রবর্তীসহ উদয় ভাওয়ালকার ও সামিহান কশলকারও এবার থাকবেন।
দেশি শিল্পীদের তালিকায় এবার আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ। অসিত রায়ের পরিচালনায় সংগীত বিভাগ আটজনের একটি দলীয় পরিবেশনা উপস্থাপন করবে। বিশিষ্ট নৃত্যশিল্পী মিনু বিল্লাহর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বাংলাদেশের ২২ জন নৃত্যশিল্পী। ওয়ার্দা রিহাবের পরিচালনায় মণিপুরি দলীয় নৃত্য পরিবেশন করবেন ৩০ জন নৃত্যশিল্পী। অনিমেষ বিজয় চৌধুরীর পরিচালনায় সিলেটের আটজন শিল্পী পরিবেশন করবেন ধামার।
লুভা নাহিদ চৌধুরী জানান, দলীয় পরিবেশনা সফল করার লক্ষ্যে বেঙ্গল ফাউন্ডেশন এ মাস থেকেই তাদের বিশেষ প্রশিক্ষণ ও অনুশীলনের ব্যবস্থা করেছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গেল তিন বছরের সাফল্যের প্রতীক লোগোতেও কিছুটা পরিবর্তন করা হয়েছে। নতুন লোগোতে উৎসবটি আরও তাৎপর্যময় হবে বলেই আশা করছেন আয়োজকেরা। এবার শুধু অনলাইন নিবন্ধন করেই অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে। তবে অনুষ্ঠানস্থলে প্রবেশের দ্বার আয়োজনের তৃতীয় দিন থেকে বন্ধ করে দেওয়া হবে রাত একটায়। প্রথম দুই দিন অবশ্য পুরো সময়ই দ্বার খোলা থাকবে।
বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত এবারের উৎসবের নিবেদক স্কয়ার গ্রুপ। আয়োজনে সহযোগিতা করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। টেলিকম সহযোগী হিসেবে আছে রবি আজিয়াটা লিমিটেড। সম্প্রচার সহযোগী হিসেবে রয়েছে মাছরাঙা টেলিভিশন।