অনেকেই পত্রিকা অফিসে ফোন করে জানতে চাইছেন, এ বছর কি বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব হচ্ছে? কেউ কেউ দেশের বাইরে থেকেও এ ব্যাপারে খোঁজ নিচ্ছেন। কারণ, বছরের নির্দিষ্ট সে সময়টায়, অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহে তাঁরা দেশে আসেন রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই উৎসব উপভোগ করতে।
প্রতিবছর এ সময়ের মধ্যেই বেঙ্গল থেকে নিবন্ধনের জন্য আহ্বান করা হয়, শিল্পীদের নাম প্রকাশও হয়ে যায় এর মধ্যে। এ বছর এখন পর্যন্ত বেঙ্গলের তরফ থেকে এই উৎসব নিয়ে কিছুই জানানো হয়নি। শুধু ১৮ অক্টোবর এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলনের কথা জানিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। কিন্তু সেই চিঠিতে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের স্থান, উৎসব কবে হচ্ছে, শিল্পীদের মধ্যে কারা কারা আসছেন, সে ব্যাপারে কিছুই জানানো হয়নি।
উৎসবটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকে ব্লুজ কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘উৎসবের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। শিল্পীদের সঙ্গে যোগাযোগ, তাঁদের থাকাসহ যাবতীয় ব্যবস্থার প্রস্তুতিও নেওয়া হয়েছে। উৎসব যেন আরও ভালোভাবে উপভোগ করা যায়, সে জন্য নতুন প্রযুক্তি যুক্ত করার কাজও প্রস্তুত। আমাদের দিক থেকে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।’
বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের বলেন, ‘এই মুহূর্তে এ ব্যাপারে আমি কিছু বলব না। ১৮ অক্টোবরের সংবাদ সম্মেলনেই যা বলার বলব।’
এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে, উৎসব করার জন্য বেঙ্গল ফাউন্ডেশন এখনো আর্মি স্টেডিয়াম বরাদ্দ পায়নি। নভেম্বরের শেষ সপ্তাহে এ উৎসবের আয়োজন করতে হলে এরই মধ্যে ভেন্যু বরাদ্দ পাওয়ার দরকার ছিল। এখনো তা পাওয়া না যাওয়ায় উৎসবের ভবিষ্যৎ অনিশ্চিত। নতুন কোনো জায়গার কথাও শোনা যাচ্ছে না। আশঙ্কা আছে, যদি সময়মতো ঢাকায় এ উৎসব না হয়, তবে উৎসবের শিল্পী ব্যবস্থাপনার কাজটিতে যারা সহযোগিতা করে, ভারতের সেই প্রতিষ্ঠান পারফেক্ট হারমোনি গ্লোবাল উৎসবটিকে অন্য কোনো দেশের অন্য কোনো শহরে নিয়ে যেতে পারে।
সংগীত অনুরাগীদের অনেকেই মনে করছেন, এই অনিশ্চয়তা থাকলে পাঁচ বছর ধরে ধ্রুপদি সংগীতের যে ঐতিহ্য গড়ে উঠেছিল, তা ক্ষতিগ্রস্ত হবে।