শিল্পী সুবীর চৌধুরী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবীর চৌধুরী
সুবীর চৌধুরী

চিত্রশিল্পী ও শিল্প-সংগঠক সুবীর চৌধুরী মারা গেছেন। অস্ট্রেলিয়ায় চিকিত্সাধীন অবস্থায় আজ সোমবার ভোরে মারা যান। একটি প্রদর্শনী উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে থাকার সময় সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি শিল্পী সুবীর চৌধুরী বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এক বিবৃতিতে শিল্পী সুবীর চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বেঙ্গল গ্যালারির পক্ষ থেকে আজ জানানো হয়েছে, ‘জন্মভূমির গান’ শিরোনামে বাংলাদেশের চিত্রশিল্পীদের একটি প্রদর্শনী উপলক্ষে সুবীর চৌধুরী অস্ট্রেলিয়া সফর করছিলেন। এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে ক্যানবেরার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিত্সাকালে তাঁর মস্তিষ্কের শিরায় জটিলতা ধরা পড়ায় সিডনির ওয়েস্টমিড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই আজ ভোরে মারা যান এই শিল্পী।
শিল্পী সুবীর চৌধুরী গত শতকের সত্তরের দশকে তত্কালীন চারু ও কারুকলা মহাবিদ্যালয় (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন। শিল্পচর্চার পাশাপাশি শিল্পকলাবিষয়ক নানা আয়োজনে সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুবীর চৌধুরী।