বেঙ্গল গ্রুপের গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল গ্রুপের গুদামে গতকাল বিকেলে আগুন লাগে । ছবি: প্রথম আলো
রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল গ্রুপের গুদামে গতকাল বিকেলে আগুন লাগে । ছবি: প্রথম আলো

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ী এলাকায় গতকাল বুধবার বিকেলে বেঙ্গল গ্রুপের গুদাম আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে বেঙ্গল গ্রুপের গুদাম বেঙ্গল ওয়্যার হাউসের দোতলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। ফুলবাড়িয়া ও তেজগাঁও ফায়ার স্টেশনের আটটি ইউনিট সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা আগুন নেভানো তদারকি করেন।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুনে গুদামের নারিকেলের ছোবড়া ও ফোম পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।