বেঙ্গলে শিল্প প্রদর্শনী, জাদুঘর দিবস আর নজরুল স্মরণ
গত পয়লা বৈশাখ ছিল চিত্র প্রদর্শনীশালা বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘সৃজনে ও শেকড়ে-২’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন হলো গতকাল। বেঙ্গল শিল্পালয়ে ১২ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী।শেকড়সন্ধানী স্বনামখ্যাত শিল্পীদের এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে গ্যালারি প্রাঙ্গণ নবীন-প্রবীণ শিল্পী ও শিল্পানুরাগীদের মিলনমেলায় পরিণত হয়েছিল। কাইয়ুম চৌধুরী, হাশেম খান, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য্য, মনিরুল ইসলামের পাশাপাশি লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপস্থিতি দারুণ এক মজলিশি চেহারা দেয় অনুষ্ঠানকে। সব মিলিয়ে বেশ বড়সড় ও প্রাণবন্ত এক মিলনমেলায় পরিণত হয় প্রদর্শনীস্থল।সৃজনে ও শেকড়ে-২ প্রদর্শনী সাজানো হয়েছে ১০ জন শিল্পীর ৪০টি চিত্রকর্ম দিয়ে। এতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন সমরজিৎ রায় চৌধুরী, আবদুল মুকতাদির, কালিদাস কর্মকার, শহীদ কবির, আব্দুস শাকুর শাহ্, কাজী গিয়াসউদ্দীন আহমেদ, ফরিদা জামান, মোহাম্মদ ইউনুস, রোকেয়া সুলতানা ও ঢালী আল মামুন। প্রদর্শনীতে সমকালীন জীবনের নানা দিক প্রতিফলিত হয়েছে। কেউ বিমূর্ততার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেছেন, কেউ বাংলাদেশের লোককলার সমৃদ্ধ ঐতিহ্যকে ধারণ বা আত্তীকরণ করে জীবন রূপায়ণ করেছেন, কেউ বা আধাবিমূর্ত প্রকাশকে আশ্রয় করে ধরতে চেয়েছেন বাংলাদেশের হূদয়-যন্ত্রণাকে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংসদ আসাদুজ্জামান নূর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মামদুদুর রশিদ। প্রদর্শনী চলবে ২৯ মে পর্যন্ত।আন্তর্জাতিক জাদুঘর দিবস উদ্যাপনগতকাল ছিল আন্তর্জাতিক জাদুঘর দিবস। ‘সামাজিক সম্প্রীতির জন্য জাদুঘর’ স্লোগান নিয়ে গতকাল বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ দিবসটি উদ্যাপন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল শোভাযাত্রা, বিশেষ প্রদর্শনী, সেমিনার এবং উপহারদাতা সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন।সকালে শোভাযাত্রার উদ্বোধন করেন সংস্কৃতিসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। শোভাযাত্রাটি বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আবার জাদুঘরে এসে শেষ হয়।এরপর জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে সমকালীন শিল্পকর্মের প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী হাশেম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। দেশের বিশিষ্ট শিল্পীদের ৯২টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘সামাজিক সম্প্রীতির জন্য জাদুঘর’ শীর্ষক সেমিনার। সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক মুনতাসীর মামুন। প্রবন্ধ পাঠ করেন জাতীয় জাদুঘরের জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগের কিপার জিনাত মাহরুখ এবং জনশিক্ষা বিভাগের উপকিপার নীরু শামসুন্নাহার। আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী ও স্থপতি কবি রবিউল হুসাইন।সন্ধ্যায় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। এ সময় জাদুঘরে ২৩০ জন উপহারদাতা কিংবা তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।নজরুলজয়ন্তীর আট দিনের সম্মেলন শুরুজাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ২৫ মে। বিদ্রোহী কবির জন্মদিন সামনে রেখে শুরু হলো ‘নজরুল সম্মেলন’। নজরুল একাডেমির আয়োজনে গতকাল শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক সচিব ও সংগীতব্যক্তিত্ব মোহাম্মদ আসাফউদ্দৌলা। অনুষ্ঠানে তাঁকে নজরুল একাডেমি সম্মাননা ক্রেস্ট ২০১০ প্রদান করা হয়। সংগীত ক্ষেত্রে সারা জীবন অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয় তাঁকে।গতকাল সম্মেলনের প্রথম দিনে নজরুল গবেষক কবি আবদুল মান্নান সৈয়দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে ‘নজরুল সংগীত: এক বিস্ময়কর দিগন্ত’ শিরোনামে প্রবন্ধ পড়েন হারুন-উর রশিদ। শুভেচ্ছা বক্তব্য দেন নজরুল একাডেমির অধ্যক্ষ খালিদ হোসেন ও কবির নাতনি খিলখিল কাজী।দ্বিতীয় পর্বে ছিল নজরুলের গান ও কবিতা পরিবেশনা। অনুষ্ঠানে খালিদ হোসেন, ইয়াকুব আলী খান, মইদুল ইসলাম, আল্পনা রায়, শহীদ কবির, অর্পিতা চক্রবর্তী প্রমুখ সংগীত পরিবেশন করেন।আজ উৎসবের দ্বিতীয় দিনে একই স্থানে সৈয়দ আখতার ইউসুফের সভাপতিত্বে থাকছে আলোচনা পর্ব। এতে ‘নারীজাগরণে নজরুলের ভূমিকা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন আবদুল মান্নান সৈয়দ। সন্ধ্যায় নজরুলসংগীত ও নাচের অনুষ্ঠান হবে। সম্মেলনের ষষ্ঠ দিনে নজরুলসংগীতে বিশেষ অবদান রাখার জন্য শিল্পী ফেরদৌসী রহমানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।