বেঙ্গলে সৃজনে শেকড়ের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল গ্যালারিতে উৎসবমুখর পরিবেশ। পয়লা বৈশাখ ছিল প্রতিষ্ঠানটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে দেশবরেণ্য ১০ শিল্পীর শিল্পকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে’। সৃজনকর্মে শেকড়ের সন্ধানী স্বনামখ্যাত শিল্পীদের এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে গ্যালারি প্রাঙ্গণ নবীন-প্রবীণ শিল্পী ও শিল্পানুরাগীদের মিলনমেলায় পরিণত হয়েছিল। সন্ধ্যায় পক্ষকালব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ আনিসুজ্জামান, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, শিল্পী কাইয়ুম চৌধুরী, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং নাট্যজন রামেন্দু মজুমদার। সম্মানিত অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স জীশান কিংশুক হক। অনুষ্ঠান শুরু হয়েছিল অদিতি মহসিনের গান দিয়ে। গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী স্বাগত জানিয়ে বলেন, বেঙ্গল শিল্পালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০টি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, এটি তার প্রথম প্রদর্শনী।আমাদের চিত্রকলা আন্দোলনকে সজীব ও প্রাণময় রেখেছেন—এমন কয়েকজন শীর্ষস্থানীয় শিল্পীর সঙ্গে এই প্রদর্শনীতে রয়েছেন প্রথম ও দ্বিতীয় প্রজন্মের কয়েকজন শিল্পী। এই ১০ বরেণ্য শিল্পী হলেন সফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশীর, সৈয়দ জাহাঙ্গীর, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, মাহমুদুল হক ও শাহাবুদ্দীন আহমদ। প্রত্যেকের চারটি করে মোট ৪০টি শিল্পকর্ম রয়েছে এ প্রদর্শনীতে।শিল্পী সফিউদ্দিন আহমেদের রয়েছে পঞ্চাশ ও ষাটের দশকের চারটি বিখ্যাত ছাপচিত্র। মোহাম্মদ কিবরিয়ার বিমূর্ত রীতির তেলচিত্র। কাইয়ুম চৌধুরী উজ্জ্বল রং ও রেখার বর্ণিল সংমিশ্রণে তুলে এনেছেন বাংলার নিসর্গ। শিল্পী মুর্তজা বশীরের ‘দ্য উইং’ সিরিজের ছবিতে উঠে এসেছে গতি ও ছন্দের নান্দনিক প্রকাশ। সৈয়দ জাহাঙ্গীর তুলে ধরেছেন গ্রামীণ জনজীবনের অনুষঙ্গ। হাশেম খান ‘মুক্তির গান’ সিরিজে বিমূর্ত রীতিতে এঁকেছেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। রফিকুন নবীর অ্যাক্রিলিকে আঁকা মাছরাঙা পাখি, শিলাইদহে রবীন্দ্রনাথ ও সন্তানসহ সুখী দম্পতির ছবি। শিল্পী মনিরুল ইসলামের আঁকা ‘ইভিনিং সঙ’, ‘কসমিক ডায়ালগ’ বা ‘ওয়ে অব মেঘনা’ এঁকেছেন স্নিগ্ধরঙে, ছোট ছোট ভাঙা ভাঙা রেখা ও জ্যামিতিক নকশায়। মাহমুদুল হকের ‘সৃজনের আনন্দ’ সিরিজের কাজে এসেছে নানা বর্ণ ও আকৃতির সমন্বয়ে ব্যঞ্জনার সৃষ্টি। শাহাবুদ্দীন এঁকেছেন জীবনের গতিময়তা। প্রদর্শনীটি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ‘ঘর ভুলানো সুরে’ ও ‘শ্রদ্ধাঞ্জলি’র মোড়ক উন্মোচনসংগীতগুরু সোহ্রাব হোসেনের ৮৭তম জন্মবার্ষিকীতে তাঁকে ফুলে ফুলে শ্রদ্ধা জানিয়েছেন অনুরাগী ও নতুন প্রজন্মের শিল্পীরা। গতকাল শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তাঁর মেয়ে শিল্পী রওশন আরার গাওয়া নজরুলসংগীতের একক অ্যালবাম ঘর ভুলানো সুরে এবং রওশন আরা ও রাহাত আরার গাওয়া যৌথ অ্যালবাম শ্রদ্ধাঞ্জলির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বরেণ্য সংগীতজ্ঞ সুধীন দাশ, ফেরদৌস আরা, শাহীন সামাদ প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি অ্যালবামে শিল্পী সোহ্রাব হোসেনের সুরাপিত গানগুলো নতুন করে গেয়েছেন শিল্পী রওশন আরা ও রাহাত আরা। বাংলা একাডেমীতে আজ ছড়া উৎসবআজ শনিবার বাংলা একাডেমীর উদ্যোগে ছড়া উৎসবের আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন ছড়াকার ফয়েজ আহমদ। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। মূল প্রবন্ধ পাঠ করবেন আহমাদ মাযহার। আলোচনা করবেন লুত্ফর রহমান রিটন, আমীরুল ইসলাম ও শাহীন আখতার। সভাপতিত্ব করবেন হায়াত্ মামুদ।