বেঙ্গলে ‘সৃজনে ও শেকড়ে’
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ১০ জন শিল্পীর ‘সৃজনে ও শেকড়ে-৪’ নামের চিত্রকলা প্রদর্শনী শুরু হচ্ছে।সন্ধ্যায় ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।গতকাল বুধবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনী উপলক্ষে সাংবাদিক সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। এতে প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পী মনসুর-উল করিম, চন্দ্রশেখর দে, অলকেশ ঘোষ, কে এম এ কাইয়ুম, মোস্তাফিজুল হক, দিলারা বেগম, শেখ আফজাল হোসেন, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।আয়োজকেরা জানান, ‘সৃজনে ও শেকড়ে-৪’-এ অংশগ্রহণ করেছেন এমন ১০ জন শিল্পী, যাঁদের সৃজন-উৎকর্ষ নানা দিক থেকে ভাবনা উদ্রেককারী, তাৎপর্যময় ও শেকড়সন্ধানী। তাঁদের রূপারোপ নির্মাণ ও জিজ্ঞাসা ভিন্নমাত্রার। এই শিল্পীদের সৃজন এ দেশের চিত্রকলার জল-হাওয়ায় সমৃদ্ধ।প্রদর্শনীতে ৪০টি শিল্পকর্ম স্থান পাবে। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।আলোকচিত্র পুরস্কারবাংলাদেশের ১৬ জন পেশাদার আলোকচিত্রী জাতিসংঘ বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ঘোষিত আলোকচিত্র পুরস্কার ২০১০-এ বিজয়ী হয়েছেন। বিজয়ী আলোকচিত্রীদের ছবি নিয়ে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে ২৪ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু হবে। প্রদর্শনীর নাম ‘চরম দরিদ্র জনগোষ্ঠীর ক্ষতির ঝুঁকিতে থাকার কাহিনী’। এতে সেরা ৫০টি ছবি প্রদর্শিত হবে। ১৬০ জন পেশাদার আলোকচিত্রীর ৬১৭টি আলোকচিত্র শ্রেষ্ঠত্ব নির্বাচনের এই প্রতিযোগিতায় স্থান পায়। এর মধ্যে ১৬ জন বিজয়ীর আলোকচিত্রে খাদ্যনিরাপত্তা, ক্ষুধা ও ক্ষতির ঝুঁকিবিষয়ক সমস্যা উঠে এসেছে গভীরভাবে। বিচারকদের বিবেচনায় শাব্বির ফেরদৌস ও সৈয়দ বদরুল করিম যুগ্মভাবে প্রথম পুরস্কার অর্জন করেছেন। ওয়ালিদ আদনান ও যাবির হাসান যুগ্মভাবে হয়েছেন দ্বিতীয়। মোহাম্মদ মাসুদ রানা, অমিও জেমস এসেনসন ও মোহাম্মদ মূসা খান বিশেষ পুরস্কার পেয়েছেন। এ ছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন আরও ১০ জন আলোকচিত্রী। ডব্লিউএফপির এই আলোকচিত্র প্রতিযোগিতার প্রথম পুরস্কারজয়ী পাবেন ৪৫ হাজার টাকা, দ্বিতীয় ৩৫ হাজার টাকা এবং বিশেষ পুরস্কারজয়ীরা পাবেন ২০ হাজার টাকা করে।দেয়াল পত্রিকা উৎসবআগামী বছরের জানুয়ারির মধ্যভাগে বাংলা একাডেমী চত্বরে অনুষ্ঠিত হবে চতুর্থ জাতীয় দেয়াল পত্রিকা উৎসব। রাজধানীর লালমাটিয়ায় বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদের অস্থায়ী কার্যালয়ে অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গতকাল বুধবার এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশের যেকোনো উচ্চবিদ্যালয়, মহাবিদ্যালয়, প্রতিষ্ঠান ও সংগঠন এই উৎসবে অংশ নিতে পারবে। আগ্রহীদের বিস্তারিত জানতে বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদ, ৭/১৭, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা-১২০৭ এবং মুঠোফোনের ০১৭১২৪০৫৮৪৩ নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।লালনকে নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন ‘এমন মানব জনম কী হবে, মন যা কর তরাই কর এ ভবে’—বাউল আসলাম খানের গানে শুরু হওয়া অনুষ্ঠানে গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়ায় লালনবিষয়ক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। লালন-গবেষক ম. মনিরুজ্জামানের লেখা সাধক কবি লালন: কালে উত্তরকালের বইটির মোড়ক উন্মোচন করেন নূহ-উল আলম লেলিন। কুষ্টিয়া পৌরসভার ম আ রহিম মিলনায়তনে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে অতিথি ছিলেন লালন-গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী, সরোয়ার মুর্শেদ, জমির উদ্দীন, লালিম হক প্রমুখ। কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বাউল গান পরিবেশিত হয়।