বেঙ্গলের উচ্চাঙ্গসংগীত উৎসব ২৭ নভেম্বর

আগামী ২৭ নভেম্বর থেকে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে পাঁচ দিনের ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব বাংলাদেশ ২০১৪’। রাজধানীর আর্মি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় আনুষ্ঠানিভাবে শুরু হবে এই সুরের অভিযাত্রা। এ বছর উৎসব উৎসর্গ করা হয়েছে পল্লিকবি জসীমউদ্দীনকে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উৎসবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের, স্কয়ার গ্রুপ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, দ্য ডেইলি স্টার-এর সংস্কৃতি সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক এবং মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ফাহিম মুনয়েম। সংবাদ সম্মেলন সঞ্চালনা এবং লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
আয়োজকেরা জানান, গতবারের উৎসবের সাফল্যেই তৃতীয়বারের মতো এমন উৎসবের আয়োজন করা হচ্ছে।
বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের বলেন, বাংলাদেশের সমৃদ্ধ শাস্ত্রীয়সংগীতের ঐতিহ্য পুনরুদ্ধার এবং একই সঙ্গে শ্রোতা ও শিল্পী তৈরির লক্ষ্য নিয়ে ২০১২ সালে উৎসবটি আয়োজন করা হয়। প্রসঙ্গক্রমে তিনি এই উৎসব শ্রোতা তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন।
স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, স্কয়ার সব সময়ই দেশের সব শিল্প-সাংস্কৃতিক উদ্যোগে সম্পৃক্ত। অঞ্জন চৌধুরী এই অনন্যসাধারণ উদ্যোগে স্কয়ার গ্রুপকে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ায় বেঙ্গল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী জানান, এই সংগীত সম্মেলনে ভারত ও বাংলাদেশ মিলিয়ে ১৬০ জন শিল্পী অংশ নেবেন। উৎসবের উদ্বোধনী দিনের অধিবেশন শুরু হবে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের সম্মেলক বাংলা গান দিয়ে। এবারের উৎসবে মোট ৭৫ জন বাংলাদেশি শিল্পী অংশ নেবেন।
সাজ্জাদ শরিফ বলেন, প্রথম যখন উচ্চাঙ্গসংগীতের এই অভাবনীয় বিশাল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন একে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরের উন্মাদনা বলেই মনে হয়েছিল। কিন্তু প্রথম বছরেই এটি পরিণত হয় দর্শকদের উন্মাদনায়।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এ রকম একটি বিশাল আয়োজন প্রতিবছর করা যাবে, তা ভাবাই যায়নি। এ ধরনের উদ্যোগের সঙ্গে পরপর দুই বছর থাকতে পেরে ব্র্যাক ব্যাংক আনন্দিত।
আয়োজকেরা জানান, এবারের উৎসবে যোগ দিতে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন উচ্চাঙ্গসংগীতের কিংবদন্তি পদ্মবিভূষণ বিদুষী কিশোরী আমানকর। যোগ দেবেন বিশ্বখ্যাত সরোদবাদক পদ্মবিভূষণ ওস্তাদ আমজাদ আলী খান।
আগামী ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এই আয়োজন চলবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। ২৭ নভেম্বর উৎসবের উদ্বোধন হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। অনলাইনে নিবন্ধন শুরু হবে ৩ নভেম্বর থেকে।