বেচকেনা শুরু হয়নি, হাটভর্তি গরু
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে স্থায়ী-অস্থায়ী হাটগুলোতে পশু আসতে শুরু করলেও ক্রেতার দেখা তেমন মিলছে না। হাটে আসা বেশির ভাগ মানুষ এখন পশু পছন্দ ও দাম যাচাই করতেই ব্যস্ত। বিক্রেতারা বলছেন, মূলত বিক্রি শুরু হবে আজ বুধবার থেকে। ঈদের আগের দুই দিন বিক্রি হবে সবচেয়ে বেশি।
গতকাল গাবতলীসহ পাঁচটি হাট ঘুরে এমন চিত্র চোখে পড়েছে।
দুপুর ১২টায় গাবতলী হাটে কথা হলো কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা রাসেল হাসানের সঙ্গে। তিনি ১২টি বিভিন্ন আকারের গরু নিয়ে এসেছেন। এর মধ্যে বিক্রি হয়েছে দুটি। তাঁর মতে, ‘হাটে এখন সব দেখা পার্টি। ছবি তোলা পার্টি।’
একই রকম অভিমত ঝিনাইদহের শৈলকূপা থেকে আসা দুলাল শেখের। তিনিসহ তিনজন মিলে হাটে ১৪টি গরু আনলেও এর মধ্যে মাত্র একটি বিক্রি হয়েছে।
দুলাল শেখের সঙ্গে কথা বলার সময় সেখানে হাজির হলেন মিরপুর সাড়ে ১১ নম্বরের বাসিন্দা ব্যবসায়ী শহীদুল হক। তাঁর কাছে মাঝারি আকারের একটি গরুর জন্য দেড় লাখ টাকা দাম চাইলেন দুলাল শেখ। বিপরীতে কোনো কথা না বলে সামনে আরেক বিক্রেতার দিকে এগিয়ে গেলেন তিনি।
শহীদুল হক বললেন, তিনি ও তাঁর ভাই মিলে কোরবানির জন্য বড় আকারের একটি গরু কেনার সিদ্ধান্ত নিয়েছেন। ঈদের এক দিন আগে গরু কেনার পরিকল্পনা থাকলেও এখন এসেছেন গরু দেখতে। সেই সঙ্গে দামটাও যাচাই করে নেবেন।
বছিলা হাটে গিয়েও দেখা গেল একই রকম দৃশ্য। হাটে কমবেশি পশুর জোগান থাকলেও ক্রেতার সংখ্যা হাতে গোনা। হাসিলঘরগুলো এখনো ফাঁকা পড়ে আছে। বিক্রেতারা অলস সময় কাটাচ্ছেন। কেউ কেউ গরুর খাবার দিতে ব্যস্ত।
হাটের মাঝামাঝি জায়গায় ভাতের হোটেলে কথা হলো নাটোরের বড়াইগ্রামের মো. নজরুল ইসলামের সঙ্গে। তাঁর সঙ্গে খেতে বসেছেন একই এলাকার বাবলু মোল্লা ও অশোক কুমার। রোববার মাঝরাতে হাটে পৌঁছালেও এখন পর্যন্ত তাঁদের ৩০টি গরুর একটিও বিক্রি হয়নি। তবে বিষয়টি নিয়ে তাঁদের খুব বেশি চিন্তিত মনে হলো না। অশোক কুমার বললেন, দুই বছর আগে বছিলা হাট চালু হওয়ার পর থেকে তাঁরা এখানেই আসছেন। বিক্রি হবে না হবে না করেও ঈদের আগের দিন সব গরুই শেষ পর্যন্ত বিক্রি হয়ে যায়।
এ দুই হাটের তুলনায় হাজারীবাগ হাটে পশুর সংখ্যা তুলনামূলকভাবে কম মনে হলো। ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সামনের সড়কে দেখা গেল, দুই ব্যক্তি একটি বড় আকারের দেশি ষাঁড় পেছনে রেখে সেলফি তুলছেন। বিক্রেতারা অলস সময় কাটাচ্ছেন। কেউ গল্পে মত্ত, কেউ ঘুমাচ্ছেন।
লালবাগ কেল্লার মোড় ও বেড়িবাঁধসংলগ্ন হাট কিংবা রহমতগঞ্জ খেলার মাঠ হাটের দৃশ্যও ছিল মোটামুটি একই রকম।
সবগুলো হাটের পরিবেশ, ক্রেতা-বিক্রেতার উপস্থিতির বাইরেও আরেকটি বিষয়ে খুব মিল দেখা গেছে। সেটি হচ্ছে, দরাদরির ক্ষেত্রে সব বিক্রেতাই বলছেন, ‘ন্যায্য’ দাম চাইলেও ক্রেতারা তার কাছ দিয়েও যাচ্ছেন না। আর ক্রেতাদের ভাষ্য, দাম ‘অনেক’ বেশি।