বেচতে না পেরে সড়কে দুধ ঢেলে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুধ বেচে গরুর খাওন কিনি, নিজিরা খাই, হেই দুধ বেচপের পারতেছি না। এত দুধ কি হরবো তাই ফ্যালা দিলাম।’ বলছিলেন পাবনার সুজানগর উপজেলার ভাদুরডাঙ্গী গ্রামের দুগ্ধ খামারি মো. মঞ্জুর কাদের।শুধু তিনিই নন। বিপাকে পড়েছেন সুজানগরের দুই শতাধিক দুগ্ধ খামারি। উৎপাদিত দুধ বিক্রি করতে না পেরে বিক্ষুব্ধ খামারিরা গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ করেন। পরে সদরের ভবানিপুর এলাকায় অবস্থিত ব্র্যাক ফুড অ্যান্ড ডেইরি প্রজেক্ট কার্যালয়ের সামনে ও উপজেলা সদরের প্রধান সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানান।এ বিষয়ে ব্র্যাক ফুড অ্যান্ড ডেইরি প্রজেক্টের সুজানগর শাখার পরিচালক সোহেল সরকার প্রথম আলোকে জানান, পরিবহন সমস্যার কারণে দুধ সংগ্রহে সাময়িক জটিলতার সৃষ্টি হয়েছে। সমস্যার সমাধান হলেই আবার দুধ নেওয়া হবে।জানা গেছে, উপজেলার চর ভবানীপুর, চর সুজানগর, মানিকদির, খাঁরপাড়া, কোলছড়ি, ভাদুরডাঙ্গী, তাহিরপুর ও হোগলাডাঙ্গীসহ ১৫টি গ্রামের মানুষ দুগ্ধ খামারের সঙ্গে জড়িত। গ্রামগুলোর দুই শতাধিক পরিবার গরু পালন ও দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। মৌখিক চুক্তির ভিত্তিতে গত এক বছর ধরে খামারিরা তাদের উৎপাদিত দুধ ব্র্যাক ফুড অ্যান্ড ডেইরি প্রজেক্টে সরবরাহ করত।তাহিরপুর গ্রামের দুগ্ধ খামারি ঝন্টু বিশ্বাস জানান, তাঁর খামার থেকে প্রতিদিন অন্তত ৫০০ লিটার দুধ উৎপাদন হয়। ২৭ টাকা লিটার দরে তিনি এই দুধ ব্র্যাক ফুড অ্যান্ড ডেইরি প্রজেক্টে সরবরাহ করতেন। এক সপ্তাহ আগে কোনো নোটিশ ছাড়াই ব্র্যাক দুধ নেওয়া বন্ধ করে দিয়েছে। এতে এক সপ্তাহ ধরে স্থানীয় বাজারে ছয় টাকা থেকে আট টাকা লিটার দরে দুধ বিক্রি করছেন তিনি। মানিকদির গ্রামের দুগ্ধ খামারী মনসুর রহমান বলেন, ব্র্যাক কর্মকর্তারা দুধ না নেওয়ার বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি। স্থানীয় বাজারেও দুধের তেমন চাহিদা নেই। এতে খামারিরা গরুর ও নিজেদের খাবার কিনতে সমস্যায় পড়েছেন। শেষ পর্যন্ত উপায় না দেখে তারা প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।