বেচনেওয়ালার ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানের বাইরে নানা পদের, নানা স্বাদের ইফতারির পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। ক্রেতারা আসছেন, দেখছেন। কেউ কিনছেন, আবার কেউ বা যাচ্ছেন পাশের দোকানে। দুপুরের পর থেকেই শুরু হয় বিক্রি। ইফতারের সময় ঘনিয়ে এলে বাড়তে থাকে বিক্রি। বাড়তে থাকে ব্যস্ততা।
অফিস-আদালতে যাঁরা ইফতার করেন অথবা পরিবার ছাড়া থাকেন, তাঁরাই সাধারণত বেশি কেনেন দোকানের ইফতারি।
বিক্রেতাদের ব্যস্ততা সব সময় বেশি। সামলাতে হয় নানা ধরনের ক্রেতাকে। আর ইফতারের ঠিক আগমুহূর্তে সব ব্যস্ততা ঝেড়ে বসে পড়েন নিজেদের ইফতারি নিয়ে। শত বেচাবিক্রির মধ্যেও ঠিক সময়ে সেরে নেন ইফতার।
দুইভাবে ইফতারের জন্য প্রস্তুত হন দোকানিরা। সব বেচাবিক্রি শেষে নিজেদের জন্য ইফতারির সামগ্রী প্রস্তুত করেন অথবা বেচাবিক্রির সময়ই একজন বা দুজনকে দায়িত্ব দেওয়া হয়।
কথা হয় কারওয়ান বাজার মসজিদের পাশের ইফতারি বিক্রেতা মো. জাকিরের সঙ্গে। তিনি জানান, কোনো কোনো সময় বেচাবিক্রি শেষে যা বাকি থাকে, সেগুলো নিয়েই নিজেরা ইফতার সারেন, আবার কোনো সময় কিছু আলাদা করে রাখেন নিজেদের জন্য। তিনি বলেন, ‘এভাবে সবাই মিলে, একসঙ্গে, সব মিশ্যাইয়া ইফতার করার মাঝে মজা আছে।’
জাকির জানালেন, ইফতারের মুহূর্তে কোনো ক্রেতা এলে তাঁকেও বানিয়ে নেন নিজেদের সঙ্গী। আবার অনেক সময় পথচারীকেও ঢেকে নেন একসঙ্গে খেতে।
শাহবাগ এলাকার ইফতার বিক্রেতা মো. দেলোয়ার জানালেন, তাঁরা সারা দিন ইফতারসামগ্রী তৈরি করেন। তাই ইফতারি খাওয়ার প্রতি আগ্রহটা কমে আসে। এ জন্য যথাসম্ভব স্বাদে বৈচিত্র্য আনার চেষ্টা করেন। তাই ছোলা, বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, কাবাব, জিলাপি, বুন্দিয়াসহ টক, ঝাল ও মিষ্টির যত পদ আছে, সব একসঙ্গে একপাত্রে মাখা হয়। দেখলেই জিবে আসে জল, পেটে বাড়ে ক্ষুধা।
দুই ধরনের বিক্রেতা দেখা যায় সাধারণত। যাঁদের রেস্তোরাঁর ব্যবসা আছে, তাঁরা ইফতারি বিক্রি করেন। তাঁদের সঙ্গে যোগ হন একধরনের মৌসুমি ব্যবসায়ীরা। তেমনই একজন পল্টন এলাকার বিক্রেতা মো. রফিকুল ইসলাম। সারা বছর বিভিন্ন কাজ করলেও রমজানে হয়ে যান পুরোদস্তুর ইফতারি ব্যবসায়ী। কিছুটা সওয়াবের আশায় আর কিছুটা মুনাফার আশায় এই এক মাস করেন ইফতারির ব্যবসা। রফিকুলের ভাষায়, ‘সারা বছরই তো টাকা কামাইলাম, রমজানের সময় একটু সওয়াব কামাই।’