বেচাকেনা এখনো জমে ওঠেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে রেলস্টেশন-সংলগ্ন ফাঁকা জায়গায় বসেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এ হাটে কোরবানির জন্য গরু-ছাগল নিয়ে আসছেন। অপেক্ষাকৃত বড় আকারের পশু এখানকার অন্যতম বিশেষত্ব।গতকাল শনিবার দুপুরে বনানী পশুর হাটে গিয়ে দেখা গেছে, বেচাকেনা এখনো জমে ওঠেনি। বিক্রির চেয়ে পশু ঘুরে ঘুরে দেখা ও দাম যাচাই করাই চলছে বেশি। অল্প সংখ্যক লোক পশু কিনতে এলেও দাম শুনে বিস্মিত হয়েছেন। এ হাটে চুয়াডাঙ্গার সাইদুজ্জামান শুক্রবার রাতে সাতটি বড় গরু আর তিনটি বড় আকারের ছাগল এনেছেন। তিনি প্রতিটি গরুর দাম হাঁকেন তিন লাখ টাকা করে। ছাগল একেকটি ৫০ হাজার টাকা। সাইদুজ্জামান বলেন, ‘গরুগুলোর বয়স চার বছর। বনানীতে অনেক টাকাওয়ালা মানুষ, তাই এই হাটে এসেছি।’ সব পশু বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তিনি। গরু কিনতে এসেছিলেন উত্তরার বাসিন্দা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শফিকুজ্জামান। তাঁর মতে, দাম বেশ চড়া। শফিকুজ্জামান বললেন, ‘একটি মাঝারি আকারের গরু কোরবানি দিতে চেয়েছিলাম। বাজেট ছিল ৫০-৬০ হাজার টাকা। কিন্তু যে দাম শুনছি তাতে পছন্দমতো কিছু কেনা যাবে কি না, জানি না। হয়তো লাখ টাকা পড়ে যাবে। তিনজন মিলে একটি গরু কোরবানি দিতে চেয়েছিলাম, মনে হচ্ছে অংশীদার দুজন বাড়াতে হবে।’ হাটের ইজারাদার মাহাবুবুর রহমান প্রথম আলোকে জানান, দেশের বিভিন্ন স্থান থেকে দুই দিন ধরে বিক্রেতারা এ হাটে আসছেন। এ হাটে উচ্চবিত্তরা আসেন সেই আশায় ব্যবসায়ীরা বড় বড় গরু-ছাগল নিয়ে আসছেন। ইজারাদার জানালেন, এক লাখ ২৩ হাজার ২০০ বর্গফুট আয়তনের এ পশুর হাটে আড়াই থেকে তিন হাজার পশু রাখার ব্যবস্থা আছে।