বেচাকেনা জমেনি, ক্রেতারা বলছেন দাম বেশি
গাইবান্ধা শহরের অভিজাত বিপণিবিতানগুলোতে এখন উপচে পড়া ভিড়। ক্রেতারা তৈরি পোশাক বিক্রির দোকানে বেশি যাচ্ছেন। তবে বিক্রেতারা বলছেন, ভিড় অনুযায়ী বেচাকেনা হচ্ছে না। হাতে সময় আছে, তাই ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন।
গতকাল শনিবার শহরের কয়েকটি বিপণিবিতান ঘুরে দেখা গেছে, ক্রেতাদের ভিড়ে বিক্রেতাদের দম ফেলার ফুরসত নেই। ক্রেতাদের আকৃষ্ট করতে সালিমার সুপার মার্কেট, তরফদার ম্যানসন, ইসলাম প্লাজা, পৌর মার্কেট, শাপলা মার্কেট, গোবিন্দ প্লাজায় বিপণিবিতানগুলো সাজানো হয়েছে নানাভাবে। এর মধ্যে বিক্রেতাদের ডাকাডাকি, ‘আপা, ভাইয়া, কী লাগবে? এদিকে আসেন।’ ‘এই দেখেন, এখানে সবকিছু লেটেস্ট।’
এ বছর বিপণিবিতানে দেশি পণ্যের পাশাপাশি ফ্লোর টাচ, লম্বা ফ্রক, লুঙ্গি ড্যান্স, বাহা, জিপসি, ফ্রক, ঝিলিক, মোদি, ধুমধুমি বিভিন্ন নামের জামা ও থ্রিপিস পাওয়া যাচ্ছে। এসব কাপড় ১ হাজার ২০০ টাকা থেকে ৬ হাজার টাকায় বেচাকেনা হচ্ছে।
শহরের পৌর মার্কেটে অবস্থিত মিলন গার্মেন্টসের মালিক শামছুজ্জোহা বলেন, গত বছরের ঈদুল ফিতরে ভারতের টেলিভিশন চ্যানেল স্টার জলসায় প্রচারিত জনপ্রিয় নাটকের অভিনয়শিল্পীদের নামে তৈরি করা থ্রিপিস ও জামার চাহিদা বেশি ছিল। যেমন কিরণমালা, পাখি, বোঝে না সে বোঝে না, বাহা প্রমুখ। কিন্তু এবার নারী ক্রেতাদের চাহিদা অন্য রকম। তাঁরা এবার দেশীয় পণ্য, লেহেঙ্গা ও স্কার্ট বেশি চাইছেন।
গতকাল শহরের সালিমার সুপার মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসেন গাইবান্ধা শহরের সুখনগর এলাকার বাসিন্দা আলমগীর হোসেন। তিনি বলেন, এবার কাপড়ের দাম অনেকটা বেশি। এ ছাড়া শিশু-কিশোরদের চাহিদার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা ফায়দা লুটছেন।
সালিমার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পোশাক বিক্রেতা রংবেরংয়ের মালিক বাপ্পা সাহা বললেন, শিশু ও নারীদের পোশাকের চাহিদা বেশি। কিন্তু মনগড়া দাম নেওয়া হচ্ছে না। বেশি দাম দিয়ে কিনতে হয় বলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এদিকে বর্তমানে থান কাপড় বিক্রি হচ্ছে বেশি। টেইলার্সগুলোতে এখন প্রচণ্ড ভিড়।