বেচাকেনার বিপুল কর্মযজ্ঞ

একের পর এক পণ্যবোঝাই ট্রাক আসছে। একটি ট্রাক থামার সঙ্গে সঙ্গে অগণিত ভ্যান ছুটছে সেই ট্রাকের পেছনে। ট্রাক থেকে মাল নামছে। এক জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে সেসব পণ্য। ক্রেতা-বিক্রেতা দরদাম করে কিনছেন সেসব পণ্য। এক বিপুল কর্মযজ্ঞ। সারা রাত এই দৃশ্য দেখা যায় রাজধানীর অন্যতম বড় কাঁচামালের আড়ত কারওয়ান বাজারে। শত শত মানুষ এখানে কাজ করছে। একেকজনের কাজ একেক ধরনের।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন শীতের বিভিন্ন ধরনের সবজি বাজারে আসতে শুরু করেছে। এ জন্য ভিড় অন্য সময়ের চেয়ে কিছুটা বেশি। ট্রাকও বেশি আসছে আর মানুষের ভিড়ও এই সময়ে বেশি হচ্ছে। রাতের কারওয়ান বাজারে পাইকারি বিক্রেতা আর খুচরা ক্রেতার সংখ্যাই বেশি থাকে।
কাপ্তান বাজারে রাস্তার পাশে দোকান সুলতানের। তিনি প্রতিদিন রাতে কারওয়ান বাজার থেকে সবজি কেনেন। গতকাল রোববার রাতেও কিনেছেন শসা, কাঁচা মরিচ, ধনে পাতা, লেবু, পেঁপে, গাজর, টমেটোসহ নানা রকম সবজি। সব মিলে ১২ হাজার ২০০ টাকার পণ্য কিনেছেন তিনি। রাত দুইটার দিকে কারওয়ান বাজারে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বললেন, ‘লেবার খরচ দিতে হইব। যেই দামে কিনছি সেখান থাইক্যা সব বেইচা ১ হাজার টেকা লাভ হইব।’
পাশ থেকে এক বিক্রেতা বস্তায় করে বেগুন বিক্রি করছিলেন। আর একটু পরপর বেগুন বেগুন বলে হাঁক দিচ্ছিলেন। কাছে গিয়ে জানা গেল তাঁর নাম আবদুল জব্বার। চুয়াডাঙ্গা থেকে আসা বেগুন তিনি বিক্রি করছেন ৪০ টাকা কেজি দরে। তিনি জানালেন, ৩৫ টাকা দরে তিনি ট্রাক থেকে এসব বেগুন কিনেছেন। তাঁর থেকে কিনে খুচরা বিক্রেতারা বিভিন্ন এলাকায় এসব বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি করবেন।
কারওয়ান বাজারে রাস্তার পাশে বরবটি বিছিয়ে পাইকারি দোকান দিয়েছেন রিপন। তিনি জানালেন, খুলনার চিতলমারী থেকে এসেছে এই বরবটি। পাইকারিতে ৫৫ টাকা প্রতি কেজি বিক্রি করছেন। তাঁর ঠিক উল্টো দিকের রাস্তার পাশে লাউয়ের এক বিরাট স্তূপ। এক কুড়ি লাউ ৫০০ টাকায় বিক্রি করছেন মোফাজ্জল হোসেন নামের এক পাইকারি বিক্রেতা। সেই দরে প্রতিটি লাউয়ের দাম পড়ে ২৫ টাকা। তিনি বললেন, ‘লাউ আইছে পাবনা থেইক্যা। এই লাউ লইয়া পাড়া-মহল্লায় বেচব ৩৫ থেকে ৪০ টাকা।’ ফজল মিয়া নামের এক খুচরা বিক্রেতা কিনছিলেন লাউ। তিনি জানালেন, তাঁর কেনা ছয়টি লাউয়ের প্রতিটি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি করবেন। এই বাজারে বড় বড় ডালি নিয়ে ঘুরে বেড়ান অনেক দিনমজুর। তাঁরা ডালি বা টুকরিতে পণ্য মাথায় করে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেন। লোকে তাঁদের ‘মিনতি’ বলে ডাকে। এমনই একজন সাতক্ষীরার রেজাউল জানালেন, কারওয়ান বাজারের দোতলায় মজিবর নামের একজন ১৫ টাকা করে এই টুকরি ভাড়া দেন। তাঁর এক থেকে দেড় শ টুকরি আছে। মিনতিরা এসব টুকরি ভাড়া নেন। তাঁরা রাতে কাজ করেন, দিনে বেগুনবাড়ি বস্তিতে ঘুমান।
রাত যতই ফুরোতে থাকে, কারওয়ান বাজারের ভিড়ও ততই কমতে থাকে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এই পাইকারি বাজারের ক্রেতারা পণ্য নিয়ে বাজার ছাড়তে শুরু করেন। সারা দিন তাঁরা মহানগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় এসব তরকারি বিক্রি করেন।