বেচাকেনায় সরগরম ফুটপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কড়া নাড়ছে ঈদ। বিপণিবিতানের পাশাপাশি জমজমাট ফুটপাতও। নগরের নিউমার্কেট এলাকায় ফুটপাতে পছন্দসই জুতার খোঁজে ক্রেতারা। ছবিটি গতকাল দুপুরে তোলা l  জুয়েল শীল
কড়া নাড়ছে ঈদ। বিপণিবিতানের পাশাপাশি জমজমাট ফুটপাতও। নগরের নিউমার্কেট এলাকায় ফুটপাতে পছন্দসই জুতার খোঁজে ক্রেতারা। ছবিটি গতকাল দুপুরে তোলা l জুয়েল শীল

চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় ফুটপাতে ছোট একটি চৌকিতে শার্টের পসরা সাজিয়ে বসেছেন মঈন উদ্দিন। সেখানে ছেলের জন্য পোশাক পছন্দ করছিলেন গৃহকর্মী পারুল আক্তার। অনেকক্ষণ দর-কষাকষি করার পর দেড় শ টাকা দিয়ে একটি শার্ট কেনেন। পছন্দের পোশাক পেয়ে হাসি ফোটে ছয় বছরের ছেলে আকবরের মুখে। ছেলের খুশিতে মায়ের মুখেও তৃপ্তি।

পারুল আক্তারের মতো নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের ঈদের কেনাকাটার বড় ভরসার জায়গা নগরের ফুটপাতে বসা দোকানগুলো। এসব দোকানে অল্প দামে পোশাক, জুতা, বেল্ট, টুপি পাওয়া যায়। ঈদের আগে আগে এসব দোকানে বেচাবিক্রির ধুম পড়েছে। হকার্স সমিতির নেতারা জানান, নগরের নিউমার্কেট, ইপিজেড, আগ্রাবাদ, ২ নম্বর গেট ও বহদ্দারহাট এলাকায় হকাররা ঈদ উপলক্ষে পোশাক, বেল্ট, জুতাসহ বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান খুলেছেন।

গতকাল শুক্রবার বিকেলে নগরের নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, কেনাকাটা করতে কেউ পরিবারের সদস্যদের নিয়ে, কেউ বন্ধুবান্ধবের সঙ্গে, আবার অনেকে একা এসেছেন। নিজের ও আত্মীয়স্বজনের জন্য পছন্দের পোশাক বাছাই করছেন ক্রেতারা। চলছে বিক্রেতাদের সঙ্গে দর-কষাকষি। দরদাম ঠিক হলে কিনে নিচ্ছেন পোশাক।

বেলা তিনটার দিকে জলসা মার্কেটের সামনে একটি চৌকিতে বিভিন্ন ধরনের জুতা সাজিয়ে রাখছিলেন আবদুল হামিদ। তিনি বলেন, বেচাবিক্রি খারাপ না। তাঁর দোকানে দেড় শ থেকে তিন শ টাকার মধ্যে জুতা পাওয়া যায়। তাই স্বল্প আয়ের লোকজন এখানে আসেন।

নগরের বাকলিয়ার কালা মিয়া বাজার এলাকা থেকে ছেলে ও স্ত্রীকে নিয়ে কেনাকাটা করতে এসেছিলেন নির্মাণশ্রমিক মো. সেকান্দর আলী। কেনাকাটা করতে করতে তিনি বলেন, ‘কম টাকায় পছন্দের পোশাক কিনতে বউ-ছেলেকে নিয়ে প্রতিবছর এখানেই (ফুটপাতের দোকানে) চলে আসি।’

ক্রেতার ভিড় থাকলেও অনেক হকারই বিক্রির পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অন্যবারের মতো রাস্তার ওপর বসতে না দেওয়ায় তাঁদের আয় কমে গেছে বলে কয়েকজন হকার জানান। রাস্তায় বসতে না দেওয়াকে কেন্দ্র করে ১৬ জুন পুলিশের সঙ্গে সংঘর্ষও হয় হকারদের।

সম্মিলিত হকার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক বলেন, রোজার আগেই একেকজন হকার ঋণ নিয়ে কয়েক লাখ টাকার মালামাল কিনেছেন। কিন্তু অনেক হকার সে পণ্য নিয়ে বসতেই পারছেন না। অনেক ক্ষতি হয়ে গেছে।