বেচারা পুলিশ! আ.লীগ নেতার ওপর ‘মাতবরি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোকে এত বড় সাহস কে দিল? কেন আসামি ধরলি? মজা দেখাচ্ছি। তোর ওসি...মোবাইল বন্ধ রাখছে। পারায়ে তোর পেটের নাড়ি-ভুঁড়ি বের করে দেব। ন্যাংটা করে থানায় ঘোরাব!’ এভাবেই গত শনিবার রাত দেড়টার দিকে খুলনার দিঘলিয়ার থানার উপপরিদর্শক (এসআই) মুক্তিযোদ্ধা লুত্ফর রহমানকে হুমকি দেন খুলনার এক আওয়ামী লীগ নেতা। তাঁর নাম গাজী আবদুল হালিম। খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তিনি। লুত্ফর রহমানের অপরাধ, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছেন তিনি। ওপরের হুমকির কথা লিখে জীবনের নিরাপত্তা চেয়ে দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এসআই লুত্ফর। খোঁজ নিয়ে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি দিঘলিয়ার সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রী (১৩) শিক্ষকের কাছে পড়ে বাড়ি ফিরছিল। ওই সময় বাড়ির কাছাকাছি পৌঁছালে গ্রামের বখাটে মামুন, ইমরান, মনা, মধু, সাদ্দাম, আতিয়ার ও রিপন নামের সাত যুবক ওই ছাত্রীর পথ আটকে উত্ত্যক্ত এবং লাঞ্ছিত করে। এ ঘটনায় মেয়েটির দুই ভাই ওই যুবকদের গালমন্দ করে। এতে যুবকেরা ক্ষিপ্ত হয়ে তাদের বাড়ি ও দোকান ভাঙচুর করে। এ ঘটনায় মেয়েটির দরিদ্র বাবা গত ২৬ ফেব্রুয়ারি দিঘলিয়া থানায় মামলা করেন। মামলা তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় এসআই লুত্ফরকে। শনিবার রাত একটার দিকে মামলার এজাহারভুক্ত দুই আসামি সাদ্দাম ও তাঁর ভাই সোহাগকে বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় যান লুত্ফর। খবর পেয়ে গতকাল রোববার আওয়ামী লীগের নেতা গাজী আব্দুল হালিম, দিঘলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন এবং সাবেক ইউপি সদস্য দিদার মোল্লা থানায় যান। তাঁরা চিত্কার করে এসআই লুত্ফরের নাম ধরে অকথ্য ভাষায় কথা বলেন। এ সময় পুরো থানায় আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই লুত্ফর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর পরই থানায় জিডি করেছি। আমি বিব্রত। এর বেশি কিছু বলতে পারব না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের নেতা গাজী আবদুল হালিম ও ফরহাদ হোসেন পাঁচজনকে নিয়ে শনিবার মধ্যরাতে থানায় আসেন। তাঁরা শ্লীলতাহানির মামলার দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়ে সংশ্লিষ্ট এসআইকে গালিগালাজ করেন এবং নানা ধরনের হুমকি দিয়েছেন।’অভিযোগের বিষয়ে গাজী আবদুল হালিম বলেন, ‘মেয়েটিকে উত্ত্যক্ত করার বিষয়ে মীমাংসার জন্য উভয় পক্ষকে আমি গত সপ্তায় বৈঠক করতে বলি। কিন্তু অভিযুক্তদের অনেকে অনুপস্থিত থাকায় বিচার হয়নি। কিন্তু সোহাগ ও সাদ্দামকে ধরতে গিয়ে দারোগা লুত্ফর ওদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন এবং সোহাগের মা কোহিনূর বেগমকে মারধর করেছেন। এসব বিষয়ে জানতে থানায় গিয়েছিলাম। দারোগাকে গালিগালাজ বা হুমকি দিইনি। শুধু বদমাইশ বলেছি।’