বেছে বেছে হামলা, লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরেজমিন: বাঁশখালী
সরেজমিন: বাঁশখালী

ঢাকা ও চট্টগ্রামে একসময় ফুটবল খেলতেন মিজানুর রহমান। ঢাকায় শেখ রাসেল ক্রীড়া চক্রেও খেলেছেন ২০০২ সালের দিকে। কিছুদিন আগে তাঁর বড় ভাই মারা যান। বিধবা মা আর ভাবিসহ যৌথ পরিবারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। সংসারের খরচ বেড়েছে। মাস দুয়েক আগে গ্রামীণ ব্যাংক এবং স্থানীয় একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে বাঁশখালীর কালীপুর বাজারে ওষুধের দোকান দেন। সেই দোকান এখন শুধু ছাই।
১২ ডিসেম্বর যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার মুহূর্তেই স্থানীয় দুর্বৃত্তরা মিজানের ওষুধের দোকানটি পুড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা বললেন, হামলাকারীরা সংখ্যায় ছিল জনা ত্রিশেক। সবাই জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী। প্রত্যেকের হাতে দা-কিরিচ ও আগ্নেয়াস্ত্র ছিল। তাই প্রতিরোধে এগিয়ে আসেনি কেউ।
মিজান কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী নন। তাঁর পাশের দোকানের মালিক সাইরাজ উদ্দিন কালিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। এই দোকানের কয়েকটি ড্রামে জ্বালানি তেল মজুত ছিল। এই তেলের কারণেই আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে মিজানের দোকানটিও পুড়ে যায়।
ছাইয়ের স্তূপ দেখিয়ে মিজান বলেন, ‘আমার তো সব শেষ। আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। বাড়ছে ঋণের বোঝা। বিধবা মা আর বড় ভাইয়ের স্ত্রী-সন্তান নিয়ে কষ্টে দিন কাটাতে হবে।’
মিজান আরও বলেন, ‘গ্রামীণ ব্যাংক ও নারী উন্নয়ন কল্যাণ সমিতি নামে একটি এনজিও থেকে ৮০ হাজার টাকা ঋণসহ আড়াই লাখ টাকা পুঁজি দিয়ে দোকানটি শুরু করেছিলাম। দেড় মাস ভালোই বিক্রি হয়েছে। এখন প্রতি সপ্তাহে আমার কিস্তির চার হাজার ২০০ টাকা করে বকেয়া জমছে। আয় নেই। শোধ করব কীভাবে?’
১২ ডিসেম্বর কালীপুর বাজারে তিনটি ওষুধের দোকান, একটি জ্বালানি তেল, একটি মুদি, একটি বইয়ের দোকানসহ আটটি দোকান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বেছে বেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের দোকানেই কেবল আগুন দেওয়া হয়। এতে সাধারণ অন্তত তিন ব্যবসায়ীও ক্ষতিগ্রস্ত হন। বৈলছড়ি বাজারে আটটি ও নাপোড়া বাজারে সংখ্যালঘুদের তিনটি দোকানে হামলা ও লুটপাট করা হয়।
গত বুধবার সরেজমিন গেলে প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় কালীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইরাজ উদ্দিনের দোকানে হানা দেয় দুর্বৃত্তরা। সেখান থেকে পেট্রল সংগ্রহ করে আশপাশের দোকানে আগুন দেওয়া হয়। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুরের ওষুধের দোকান থেকে এখনো ছাই উড়ছে।
সাইরাজ উদ্দিন বলেন, ‘আমার এলাকার ছেলেরা দোকানে আগুন দিয়ে আমার ছয় লাখ টাকার জ্বালানি তেল পুড়ে দিয়েছে। হামলাকারীরা এলাকার যুবক-কিশোর। ওরা প্রকাশ্যে দাবড়িয়ে বেড়াচ্ছে। পুলিশ ওদের ধরছে না।’
বাঁশখালীর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের দোকানের সব ওষুধ রাস্তায় এনে পেট্রল ঢেলে পুড়ে দেওয়া হয়। জসিমের দোকানের ভেতরে আগুন দেওয়া হয়নি কেন? এই প্রশ্ন তুললে জসিম উদ্দিন বলেন, ‘আমার দোকানের লাগোয়া আসবাবের শোরুমের মালিক জামায়াতের কর্মী মৌলভি হাসান। পাশের আরেকটি দোকানের মালিক বিএনপির কর্মী নুরুল ইসলাম। আমার দোকানে আগুন দিলে হাসান ও নুরুল ইসলামের দোকানও পুড়ে যেত। তাই আমার দোকানের ওষুধ রাস্তায় এনে পেট্রল ঢেলে পুড়িয়ে দিয়েছে। আমার প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।’
কালীপুরের মুদি দোকানি ফরিদ আহমদ ওয়ার্ড যুবলীগের সভাপতি। তাঁর দোকানের পাশে জামায়াত ও বিএনপি-সমর্থকদের দোকান রয়েছে। এ কারণে তাঁর দোকানের মালামালও রাস্তায় এনে পুড়িয়ে দেওয়া হয় বলে ফরিদ জানান।
কালীপুর বাজারে আওয়ামী লীগ ও যুবলীগ-সমর্থকদের দোকানে আগুন দেওয়ার জন্য স্থানীয় লোকজন সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নুরুল হকের দুই ছেলে ও এক ভাতিজাকে দায়ী করেছেন। এই তিন যুবক হলেন জুয়েল, লিটন ও সোহেল। তাঁদের হাতে দা-কিরিচ দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান জানিয়েছেন।
নুরুল হকের সঙ্গে কথা হলে তিনি অভিযোগ নাকচ করে দেন। পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমি দীর্ঘদিন এলাকার জনপ্রতিনিধি ছিলাম বলে প্রতিপক্ষ ঘায়েল করার চেষ্টা করছে। আমার ছেলে বা ভাতিজা রাজনীতি করে না। আগুন তারা লাগায়নি, বরং আমরা আগুন নিভিয়েছি।’
কালীপুর থেকে দক্ষিণে প্রধান সড়কে বৈলছড়ি বাজারের দূরত্ব দুই কিলোমিটার। এই বাজারের বেশির ভাগ দোকানি সংখ্যালঘু সম্প্রদায়ের। দুর্বৃত্তরা ১২ ডিসেম্বর অন্তত আটটি দোকান ভাঙচুর করে। দোকানিরা পালিয়ে বেঁচেছেন।
বৈলছড়ি বাজারের ক্ষতিগ্রস্ত দোকানিদের সঙ্গে এই প্রতিবেদক কথা বলতে এগিয়ে গেলে একজন আরেকজনের চোখের দিকে তাকান। সবার চোখে-মুখে আতঙ্কের ছাপ। একজন দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ‘যা হওয়ার হয়ে গেছে। আপনারা লিখে আর কী হবে?’ এই বাজারের কেউ আর মুখ খোলেননি।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বৈলছড়ি বাজারে আটটি দোকানের শাটার ভাঙা। দোকানের ভেতর থেকে আসবাব বাইরে এনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। দোকানগুলোর সামনে এখনো সেই পোড়া দাগ রয়েছে। দুর্বৃত্তরা সবার চেনা, কিন্তু কেউ ভয়ে মুখ খুলতে রাজি হয়নি।
বৈলছড়ি থেকে চাম্বল বাজারের দূরত্ব নয় কিলোমিটার। এটি উপজেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে পরিচিত। প্রতিদিন হাজারো মানুষ কেনাকাটা করতে যায় এই বাজারে। সেখানেও সংখ্যালঘু ব্যবসায়ীর একটি সোনার দোকানে হামলা চালিয়ে সব লুট করা হয়েছে। বাজারের আরও কয়েকটি দোকানে ১৩ ডিসেম্বর সন্ধ্যায় অনুরূপ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
সোনার দোকানে গিয়ে মালিক সুকুমার ধরকে দেখা যায়নি। খবর দিলে তিনি আসেন, তবে চোখেমুখে আতঙ্কের ছাপ। পরিচয় দিয়ে জিজ্ঞেস করলাম, কারা হামলা চালিয়েছে? সোনা লুট হয়েছে? কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেন। একটু সময় নিয়ে বললেন, ‘কী আর নেবে?’ সুকুমার আর কোনো কথা বললেন না।
চাম্বল থেকে আরও দক্ষিণে চার কিলোমিটার দূরে নাপোড়া বাজারেও ১২ ডিসেম্বর রাতে হামলা চালায় দুর্বৃত্তরা। সেখানেও তিনটি দোকান ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে আছে একটি বড় ওষুধের দোকান। তিনটি দোকানেরই মালিক সংখ্যালঘু সম্প্রদায়ের।
ক্ষতিগ্রস্ত ওষুধের দোকানের মালিক অঞ্জন দাশ মুখ খুলতে রাজি হননি। তবে ওষুধ কিনতে আসা মধ্য বয়সী এক মহিলা সাংবাদিক পরিচয় জানতে পেরে ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ‘এই বাজারে দুবার হামলা হয়েছে। দুবারই আমি বাজারে ছিলাম। কম বয়সী ২৫-৩০ জন ছেলে রড, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে। ওরা শিবিরের লোক।’
বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ফেব্রুয়ারি থেকে তাণ্ডব শুরু করে, যা এখনো অব্যাহত আছে। সর্বশেষ ১২ ও ১৩ ডিসেম্বর বাঁশখালীর বিভিন্ন বাজারে ওরা বেছে বেছে দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। বাঁশখালীর সংখ্যালঘু এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের লক্ষ্যবস্তু এখন।’
বাঁশখালী উপজেলা জামায়াতের আমির জহিরুল ইসলাম দাবি করেন, ‘ভাঙচুর ও অগ্নিসংযোগের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। আমাদের সংগঠনের কেউ যদি এসব করে থাকে, তাহলে তাদের চিহ্নিত করে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ওদেরকে আইনের আওতায় আনা।’