বেঞ্চ ও কক্ষসংকটে বারান্দায় পাঠদান

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর পর বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। কিন্তু বেঞ্চ ও শ্রেণিকক্ষের সংকটে বারান্দায় ও মেঝেতে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে।
উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার দূরে হাতীবান্ধা বাজারের পাশে বিদ্যালয়টি অবস্থিত।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে একটি পাকা ভবনে তিনটি কক্ষ আছে। এখানে ২৯৭ জন শিক্ষার্থীর জন্য মাত্র ৩৪টি বেঞ্চ। প্রতি বেঞ্চে তিনজন করে বসা যায়। সকাল সাড়ে ৯টা থেকে বিদ্যালয়টিতে শিশুশ্রেণি, প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি ও পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হয়। ওই চার শ্রেণিতে ২০৭ জন শিক্ষার্থী আছে। বেঞ্চ ও শ্রেণিকক্ষ-সংকটে শিশু ও প্রথম শ্রেণির ৯৬ জন শিক্ষার্থীকে বারান্দায় ও মেঝেতে পাঠদান করানো হচ্ছে।
প্রথম শ্রেণির শিক্ষার্থী মালিহা আক্তার বলে, ‘স্যার সবার আগোত আসলে বেঞ্চ পাওয়া যায়, না হইলে মাঝিয়াত বসতে হয়। স্যারের ঘরোক বেঞ্চের কথা কইলে কয় ধৈর্য ধর। এই বছরে বেঞ্চ পামো।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার জাহান গতকাল বৃহস্পতিবার বলেন, স্কুলে শিক্ষার্থীদের উপচে পড়া উপস্থিতি থাকলেও স্কুলটি নানা সমস্যায় জর্জরিত। সীমানাপ্রাচীর নেই, শিক্ষার্থীর তুলনায় রুম ও বেঞ্চসংকট থাকায় মেঝেতে ঠাসাঠাসি করে ক্লাস করাতে হয়। আগে ৭৬টি বেঞ্চ ছিল, সেগুলোর বেশির ভাগ ভেঙে গেছে। এখন ২৯৭ জন ছাত্রছাত্রীর জন্য মাত্র ৩৪টি বেঞ্চ আছে, প্রতি বেঞ্চে তিনজন করে বসা যায়। যারা বেঞ্চে জায়গা পায় না, তারা মেঝেতে বসে ক্লাস করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ বলেন, ‘মিড ডে মিল চালুর পর বদলে গেছে বিদ্যালয়ের চিত্র। শিক্ষার্থীদের মাঝে এসেছে পরিবর্তনের নানা দিক। এখন তাদের আর বাড়িতে যাওয়ার প্রয়োজন পড়ে না। ক্লাস চলাকালে আর খিদেয়ও কষ্ট পায় না। সবাই মিলে বিদ্যালয়ে বনভোজনের আমেজে পরম তৃপ্তিতে দুপুরের খাবার খায়। কিন্তু কক্ষ ও বেঞ্চসংকটে তাদের বারান্দায় ও মেঝেতে ক্লাস করানো হচ্ছে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাফায়াতুল্লাহ বলেন, বিদ্যালয়ের সমস্যাগুলো স্থানীয় সাংসদ ও উপজেলার চেয়ারম্যানকে জানানো হয়েছে। ইউএনও ও শিক্ষা কর্মকর্তাও স্কুলটি পরিদর্শনে এসে শিশুদের দুর্দশা দেখে গেছেন।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম বলেন, স্কুলটিতে মিড ডে মিল চালুর পর শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা বেড়েছে। রোদ-বৃষ্টিতেও এখন ৯৫ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত থাকে। স্কুলটির সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা করা হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, পরিকল্পনা করে উপজেলা উন্নয়ন ফান্ডের টাকা থেকে ওই বিদ্যালয়ে বেঞ্চ দেওয়া হবে। সরকারিভাবে বরাদ্দ পেলে শ্রেণিকক্ষও নির্মাণ করা হবে।