বেঞ্চ ও শ্রেণিকক্ষসংকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কদমতলী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির কক্ষে জায়গা ও ব্রেঞ্চ–সংকটের কারণে ক্লাস চলাকালে অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে ক্লাস করে l ছবি: প্রথম আলো
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কদমতলী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির কক্ষে জায়গা ও ব্রেঞ্চ–সংকটের কারণে ক্লাস চলাকালে অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে ক্লাস করে l ছবি: প্রথম আলো

বেঞ্চ ও শ্রেণিকক্ষসংকটে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কদমতলী উচ্চবিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থী দাঁড়িয়ে ক্লাস করে। বাংলাসহ দুই বিষয়ে শিক্ষক নেই। এসব সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে বিদ্যালয়টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ২০০১ সালে একটি টিনেশড ভবন নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ৯০ ফুট ও প্রস্থ ২২ ফুট। এতে তিনটি শ্রেণিকক্ষ ও শিক্ষকদের বসার জন্য একটি কক্ষ ছিল। ২০১৪ সালে বিদ্যালয়টি উচ্চবিদ্যালয়ে উন্নীত করা হয়। পরবর্তী সময়ে নতুন ভবন তৈরি করতে না পারায় ওই টিনশেড চারটি কক্ষকে বেড়া দিয়ে পাঁচটি কক্ষ করা হয়। এসব কক্ষে এখন শুধু পাঠদান করা হয়। সম্প্রতি ভবনের পাশে শিক্ষকদের জন্য একটি আধা পাকা ঘর নির্মাণ করা হয়েছে। পাঁচটি শ্রেণিতে শিক্ষার্থী ২০৯ জন। এর মধ্যে ছাত্রী ১৪০ জন। এখানে নয়জন শিক্ষকের স্থলে আছেন সাতজন। বাংলা ও তথ্যপ্রযুক্তি বিষয়ের শিক্ষক নেই। গ্রন্থাগারিক পদটিও শূন্য রয়েছে।

বিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, উচ্চবিদ্যালয় করা হলেও এখানে এখনো বিজ্ঞান বিভাগ চালু করা হয়নি। শ্রেণিকক্ষগুলো ছোট হওয়ায় এতে শিক্ষকদের জন্য কোনো চেয়ার-টেবিল রাখা যায় না। ছাত্রীদের কমনরুম নেই। বিদ্যালয়টিতে নেই বিদ্যুৎ। শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পাঠদানের জন্য এখানে দুটি বড় শ্রেণিকক্ষ প্রয়োজন।

গত রোববার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের মূল টিনশেড ভবনটি জীর্ণশীর্ণ ও ভাঙাচোরা। শ্রেণিকক্ষে জায়গা না থাকায় শিক্ষকের জন্য কোনো চেয়ার-টেবিল নেই। সপ্তম শ্রেণির কক্ষে ঢুকে কথা বলতে চাইলে শিক্ষার্থীদের শোরগোলে কথা ঠিকমতো বোঝা যায় না।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাবিবুর রহমান বলে, ‘জায়গা কম ও পাশাপাশি ক্লাস থাকায় অন্য ক্লাসের শব্দের কারণে স্যারের কথা আমরা ঠিকমতো বুঝতে পারি না। স্যারও আমাদের কথা বুঝতে পারেন না। এতে আমাদের লেখাপড়ায় সমস্যা হয়।’

অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফারজানা জান্নাত বলে, ‘আমাদের ক্লাসে ৫২ জন শিক্ষার্থী। ৩০ জনের বেশি বেঞ্চে বসতে পারে না। জায়গার স্বল্পতা ও বেঞ্চের অভাবে দাঁড়িয়ে ক্লাস করতে হয়।’

প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ‘ছোট পরিসরে পাঁচটি শ্রেণিকক্ষে কষ্ট করে পাঠদান করা হচ্ছে। সম্প্রতি এলাকার সাংসদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কাছ থেকে ১০টি বেঞ্চ পেয়েছি। এ ছাড়া সপ্তম ও অষ্টম শ্রেণির জন্য ১৪ জোড়া বেঞ্চের সংকট আছে।শিক্ষকের দুটি পদ শূন্য রয়েছে। বিদ্যালয়ে নানা সমস্যা এবং বিজ্ঞান বিভাগ চালু করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে আবেদন করা হয়েছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবির বলেন, উপজেলায় ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে কদমতলী উচ্চবিদ্যালয়টি অবকাঠামোর দিক থেকে সবচেয়ে নাজুক। বিদ্যালয়টির বিভিন্ন সমস্যা তিনি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বলেন, ‘বিদ্যালয়টির সমস্যা সম্পর্কে জেনেছি। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা করে কীভাবে এসব সমস্যার সমাধান করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’