বিচারাধীন আপিলের জামিন আবেদন শুনানির বেঞ্চ পুনর্গঠন করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। জ্যেষ্ঠ বিচারপতিদের রিট মোশন (নতুন মামলা) শুনানির ক্ষমতা দেওয়ারও আহ্বান জানানো হয়। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম এ বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সমিতির সম্পাদক মো. বদরুদ্দোজা। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত্ করেন সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বিএনপির নেতা আইনজীবী টি এইচ খান, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মাহবুব উদ্দিন ও মো. বদরুদ্দোজা। প্রধান বিচারপতির সঙ্গে তাঁরা প্রায় আধা ঘণ্টা বেঞ্চ পুনর্গঠন নিয়ে আলোচনা করেন।প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়টি জানিয়ে মো. বদরুদ্দোজা সাংবাদিকদের বলেন, সাক্ষাৎকালে তাঁরা বেঞ্চ পুনর্গঠন বিষয়ে আলোচনা করেছেন। প্রধান বিচারপতি এ বিষয়ে আশ্বাস দিয়েছেন।গত রোববার হাইকোর্ট বিভাগের ১৫ জন অতিরিক্ত বিচারক শপথ নেন। সেদিন হাইকোর্ট বিভাগের প্রকাশিত দৈনন্দিন কার্যতালিকায় দেখা যায়, বেশ কয়েকটি বেঞ্চ গঠন ও পুনর্গঠন করা হয়েছে।