আইনজীবীদের হাতে এক বেঞ্চ সহকারী লাঞ্ছিত হওয়ার অভিযোগে গতকাল বুধবার চট্টগ্রামের আদালতে দিনভর কর্মবিরতি পালন করেন বেঞ্চ সহকারীরা। তাঁরা এজলাসের কক্ষেও তালা লাগিয়ে দেন। ফলে বেশির ভাগ আদালতে কোনো মামলার শুনানি হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েন বিচারপ্রার্থীরা।
এ অবস্থায় আজ বৃহস্পতিবার বেলা দুইটায় বিষয়টি নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ও বেঞ্চ সহকারীর প্রতিনিধিরা। এই সিদ্ধান্তের ফলে গতকাল বিকেলে কর্মবিরতি স্থগিত করেন বেঞ্চ সহকারীরা।
চট্টগ্রাম আদালতের সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কেফায়েত উল্লাহ অভিযোগ করেন, গত মঙ্গলবার বিকেলে আইনজীবী সমিতি থেকে বিচারককে একটি অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে এজলাসে এসেছিলেন কয়েকজন আইনজীবী। তিনি তাঁদের বিচারক নেই বলে জানালে আইনজীবীরা তাঁকে তাঁদের সমিতির অফিসে ডেকে নিয়ে লাঞ্ছিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেঞ্চ সহকারীকে লাঞ্ছিত করার এ সংবাদ ছড়িয়ে পড়লে গতকাল সকাল ১০টা থেকে আদালতের সব বেঞ্চ সহকারী এজলাসে তালা লাগিয়ে দেন এবং অভিযুক্ত আইনজীবীদের বিচার দাবি করে বিক্ষোভ শুরু করেন। এজলাসে তালা দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আইনজীবীরাও। পরে দুপুর ১২টার দিকে মহানগর দায়রা জজ আদালতের খাসকামরায় আইনজীবী সমিতি ও জজশিপ কর্মচারী কল্যাণ পরিষদের নেতারা বৈঠকে বসেন। ওই বৈঠক শেষে বেঞ্চ সহকারীরা তালা খুলে দেন। কিন্তু তাঁরা চেয়ারে না বসে কর্মবিরতি অব্যাহত রাখেন। এ অবস্থায় বিকেল চারটায় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলোচনা করে দুই পক্ষকে নিয়ে আজ বৈঠকে বসার সিদ্ধান্ত নেন। বেঞ্চ সহকারীরাও তাঁদের কর্মবিরতি স্থগিত করেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম জানান, ১৬ মার্চ আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজকে আমন্ত্রণ জানাতে বারের কয়েকজন আইনজীবী এজলাসে গিয়েছিলেন। বেঞ্চ সহকারী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে বিষয়টি সমিতিকে জানানো হলে ওই বেঞ্চ সহকারীকে ডেকে এনে ক্ষমা চাইতে বলা হয়। কিন্তু উল্টো তিনি দুর্ব্যবহার করেন। এ সময় কয়েকজন আইনজীবী ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এ ব্যাপারে চট্টগ্রাম জজশিপ কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের এক পেশকারকে (বেঞ্চ সহকারী) লাঞ্ছিত করায় আমরা কর্মবিরতি পালন করেছি।’
বিচারপ্রার্থীদের দুর্ভোগ: সরেজমিনে দেখা গেছে, আদালতের মহানগর হাজতখানায় কারাগার থেকে ১৮৫ জন এবং থানা থেকে ৫২ জন আসামিকে আনা হয়। কিন্তু কর্মবিরতির কারণে কোনো আসামির মামলার শুনানি হয়নি। তাঁদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। একই চিত্র দেখা গেছে, জেলা হাজতখানায়ও। এখানে কারাগার থেকে ১১১ জন এবং থানা থেকে ১০ আসামিকে হাজির করা হয়।
এ ছাড়া বিভিন্ন আদালতে দিন ধার্য থাকলেও শুনানি হয়নি। অনেক বিচারক এজলাসে উঠলেও বেঞ্চ সহকারী না থাকায় এবং মামলার নথি উপস্থাপন না হওয়ায় শুনানি করতে পারেননি।
জমি-সংক্রান্ত বিরোধের মামলায় নগরের চান্দগাঁও থেকে আদালতে সাক্ষ্য দিতে এসেছিলেন বৃদ্ধ বুলবুলি আক্তার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি আজ (বুধবার) সাক্ষ্য দিতে পারলেই মামলাটির নিষ্পত্তি হতো। আমাকে আর কষ্ট করে কোর্টে আসতে হতো না।’
তবে বেঞ্চ সহকারীদের কর্মবিরতি শুরুর আগেই চট্টগ্রাম জেলা ও দায়রা জজ, বিভাগীয় বিশেষ জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ কয়েকটি আদালতে কয়েকটি মামলার শুনানি হয় বলে জানা গেছে।