চট্টগ্রাম আদালতের বেঞ্চ সহকারীরা আগামী মঙ্গলবার পর্যন্ত তাঁদের কর্মবিরতি স্থগিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির নেতারা ও বেঞ্চ সহকারীদের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হওয়ায় কর্মবিরতিও স্থগিত করা হয়। তবে গতকাল সকাল থেকে বেঞ্চ সহকারীরা কাজ শুরু করেছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত না হওয়ায় মঙ্গলবার বৈঠক হবে।’ বেঞ্চ সহকারীরা কাজ শুরু করায় গতকাল পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানান তিনি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, এজলাসে বেঞ্চ সহকারীদের তালা দেওয়াসহ নানা বিষয়ে বৈঠক হবে মঙ্গলবার। গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কেফায়েত উল্লাহকে আইনজীবীরা লাঞ্ছিত করার অভিযোগে পরদিন সকাল থেকে বেঞ্চ সহকারীরা কর্মবিরতি পালন করেন। বুধবার তাঁরা এজলাসে দুই ঘণ্টা তালা লাগিয়ে রাখেন। এ নিয়ে আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে দুই পক্ষের আটজন প্রতিনিধি নিয়ে বৈঠক হওয়ার সিদ্ধান্ত হলে বুধবার বিকেলে কর্মবিরতি স্থগিত করেন বেঞ্চ সহকারীরা।