বেঞ্চে পা রেখে ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পান্তাডাঙ্গা দাখিল মাদ্রাসার মাঠে, শ্রেণীকক্ষের সামনে হাঁটুপানি। প্রাচীরের বাইরে রাস্তায় কাদা। বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে পানি জমে থাকে। এ সময় বেঞ্চের ওপর পা রেখে বসে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের।মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র সেলিম হোসেন জানায়, বৃষ্টি হলেই ক্লাসে পানি ওঠে। সে সময় বেঞ্চের ওপর বসে ক্লাস করতে হয়। আরেক ছাত্র আমিরুল ইসলাম জানায়, প্রায়ই শ্রেণীকক্ষের পানি সরিয়ে ক্লাস করি। বেশি বৃষ্টি হলে তা সম্ভব হয় না। তখন পানির মধ্যেই ক্লাস চলে।জানা গেছে, কালীগঞ্জ উপজেলার পান্তাডাঙ্গা গ্রামে ১৯৬৯ সালে ১০৩ শতক জমির ওপর প্রতিষ্ঠিত হয় পান্তাডাঙ্গা দাখিল মাদ্রাসা। ১৯৭৯ সালে এটি এমপিওভুক্ত হয়। এখানে শিশু শ্রেণী থেকে দাখিল (দশম) শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৪৫০। শিক্ষক আছেন ১৫ জন, আর কর্মচারী আছেন তিনজন।মাদ্রাসার সহকারী সুপার মো. আমির হোসেন জানান, মাদ্রাসার চারপাশে বসতবাড়ি। এসব বসতবাড়ির লোকজন বিভিন্ন সময়ে মাটি দিয়ে তাদের জায়গা উঁচু করেছেন। কিন্তু মাদ্রাসার মাঠে মাটি ফেলা হয়নি। এ কারণে এখন সামান্য বৃষ্টি হলেই মাদ্রাসা চত্বরে পানি জমে। এখন পানি বের হওয়ারও কোনো ব্যবস্থা নেই। তাই বর্ষা মৌসুমের চার-পাঁচ মাস পানিবন্দী থাকে প্রতিষ্ঠানটি। তিন বছর ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে।গ্রামবাসী গত ২৬ সেপ্টেম্বর নিজেরাই ইট ফেলে রাস্তাটি ভালো করে তুলেছেন। এখন শিক্ষার্থীরা ইট পাতানো রাস্তা দিয়ে হেঁটে আসতে পারছে। কিন্তু মাদ্রাসার প্রাচীরের মধ্যে প্রবেশ করলেই পানি পার হতে হচ্ছে। সহকারী শিক্ষক আবুল হাশেম বলেন, শিক্ষার্থীদের কষ্টের কথা চিন্তা করে গ্রামের মানুষ গত ২৬ সেপ্টেম্বর ইট ফেলে চলাচলের উপযোগী করেছে। ইটভাটা থেকে ভাঙ্গাচুরা ইট এনে নিজেরা রাস্তার ওপর বিছিয়ে দিয়েছে। পান্তাডাঙ্গা গ্রামের আবদুল মান্নান বলেন, ‘ছোট ছোট ছেলেমেয়েদের কষ্ট দেখে আমরা কিছু কিছু পয়সা দিয়ে ইট কিনে রাস্তাটি চলাচলের উপযোগী করেছি। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সেলিম হোসেন বলেন, মাঠ ভরাট করার ব্যাপারে আমি শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’ স্থানীয় কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন বলেন, ‘ভবিষ্যতে এই মাদ্রাসার সমস্যা সমাধানে কাজ করব।’