বেঞ্চে বসা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ আহত ১০
মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে বেঞ্চে বসাকে কেন্দ্র করে ছাত্রদের দুটি দলের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলেজে সোমবার দুপুরে একাদশ শ্রেণীর ছাত্র দক্ষিণ রাজদী গ্রামের তুহিন শিকদার ও ঠেঙ্গামারা গ্রামের আরিফ হোসেনের মধ্যে বেঞ্চে বসা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ছাত্ররা দুই দলে বিভক্ত হয়ে ক্যাম্পাসের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার সকালে দুই পক্ষে আবার সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং পাঁচটি দোকানে হামলা হয়। পরে মাদারীপুর থেকে র্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়।আহতদের মধ্যে রয়েছেন পথচারী ব্র্যাক কর্মী নান্না শিকদারসহ সেলুন মালিক গোপাল, ছাত্র কাওছার, সাজ্জাদ, সুজন মোল্লা, মাসুদ ও রাজন। কলেজের সামনের দোকানে কিছু ছাত্র আশ্রয় নিলে সৈকত বই বিতান, ঠান্ডা স্টোর, সেলুন ও তোতা কফি হাউজে ইট পাটকেল ছোড়ে এবং সাটার ভাঙ্গার চেষ্টা করে। কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান জানান, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। ঘটনার সূত্রপাত ক্যাম্পাসে হলেও সংঘর্ষ দুই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে।