বেঞ্চের অভাবে বিদ্যালয়ের মাঠে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মহিষবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৯৩ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৪৮ জন শিক্ষার্থীর বসার ব্যবস্থা রয়েছে। বেঞ্চের অভাবে বিদ্যালয়ের মাঠে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান বলেন, বিদ্যালয়ে মাত্র ১২ জোড়া বেঞ্চ রয়েছে। এগুলোতে কেবল ৪৮জন শিক্ষার্থী বসতে পারে। কিন্তু কাউকে শ্রেণীকক্ষে, কাউকে মাঠে পাঠদান করলে শিশু শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রভাব পড়ে। তাই সবাইকে মাঠে বসিয়ে পাঠদান করা হচ্ছে।১৮ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের ৩০ ফুট লম্বা আধাপাকা ঘরটি সংস্কারের অভাবে জরাজীর্ণ। টিনের বেড়া দুমড়েমুচড়ে গেছে। দরজা-জানালাও ভাঙা। শ্রেণীকক্ষে শিক্ষকদের চেয়ার-টেবিল নেই। বিদ্যালয়মাঠে শিক্ষার্থীদের পাঠদান চলছে। দুটি ব্ল্যাকবোর্ড থাকলেও সেগুলো ব্যবহার অনুপযোগী। প্রয়োজনীয় কাগজপত্র রাখার কোনো আলমারি নেই। নেই কোনো শৌচাগার।পঞ্চম শ্রেণীর ছাত্র আতিক বলে, রোদের মধ্যে মাঠে ক্লাস করতে গরম লাগে। বৃষ্টির দিনে ক্লাসই হয় না। বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা বলেন, প্রকৃতির ডাকে শিক্ষার্থী ও শিক্ষকদের আশপাশের বাড়িতে যেতে হয়। মহিষবান্দি গ্রামের অভিভাবক আজল হক বলেন, মাঠে বসে লেখাপড়ার কারণে শিশুরা বিদ্যালয়ে যেতে চায় না। অনেক সময় ধমক দিয়ে তাদের বিদ্যালয়ে পাঠাতে হয়। বেলকা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জহুরুল হক বলেন, বিদ্যালয়ের সমস্যা সমাধানে প্রাথমিক শিক্ষা বিভাগকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ সাড়া দিচ্ছে না।প্রধান শিক্ষক আরও বলেন, গৃহনির্মাণ ও আসবাব সরবরাহের জন্য একাধিকবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন জানানো হয়েছে। অথচ কোনো কাজ হচ্ছে না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান বলেন, ওই বিদ্যালয়ে আসবাব ও বেঞ্চ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। জুনের মধ্যে কাজ শুরু করা যাবে বলে আশা করছি।