বেঞ্চের অভাবে মেঝেতে বসে ক্লাস করে শিশুরা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়নাভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেঞ্চের অভাবে মেঝেতে বসে ক্লাস করছে। ২৫ বছর ধরে এই বিদ্যালয়ের উন্নয়ন খাতে কোনো অর্থ ব্যয় করা হয়নি। গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের তিনটি কক্ষে শিক্ষকেরা পাঠদান করছেন। কক্ষের দুই পাশে কয়েকটি বেঞ্চে কিছু শিক্ষার্থী থাকলেও বেশ কিছু শিক্ষার্থী মাঝখানে মেঝেতে বসে শিক্ষকের কথা শুনছে। তিনটি কক্ষের একই অবস্থা। এ সময় দ্বিতীয় শ্রেণীর ছাত্র মাসুম বলে, ‘স্যার, ঠান্ডায় নিচে বসতে পারি না।’ পরে পঞ্চম শ্রেণীর ছাত্র রাকিব হোসেন জানায়, সে বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই বেঞ্চের অভাবসহ নানা সমস্যা দেখে আসছে। সমস্যার কোনো সমাধান হচ্ছে না। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৪০ সালে রয়নাভরট প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ১৯৭৩ সালে সরকারি করা হয়। ১৯৮৭ সালে ভবন পুনর্নির্মাণ করা হয়। বিদ্যালয়ের মোট সাতটি কক্ষ রয়েছে। এর মধ্যে চারটি কক্ষে ক্লাস হয়। বাকি দুটি কক্ষ গুদাম ও একটি অফিস হিসেবে ব্যবহার হয়। বেঞ্চ আছে মাত্র ৩০ জোড়া। এতে সর্বোচ্চ ১২০ জন শিক্ষার্থী বসে ক্লাস করতে পারে। অথচ বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৩৯৮। দুই দফায় (শিফট) ক্লাস নেওয়া হয়। তাতে প্রতিবার ৮০ জন শিক্ষার্থীকে মেঝেতে বসে ক্লাস করতে হয়। বিদ্যালয়ের টিনের ছাউনির অবস্থা জরাজীর্ণ। একটু বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে মেঝে ভিজে যায়। এ সময় শিক্ষার্থীরা দাঁড়িয়ে ক্লাস করে। আবার শীতের সময় অতিরিক্ত ঠান্ডার কারণে শিক্ষার্থীরা মেঝেতে বসতে চায় না। বিদ্যালয়ের তিনটি টয়লেটের মধ্যে দুটিই নষ্ট। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয়। বিদ্যালয়ের একমাত্র নলকূপটিও প্রায় সময় নষ্ট থাকে। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সর্বশেষ ১৯৮৭ সালে এ বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে সরকার অর্থ ব্যয় করেছে। এরপর আর কোনো উন্নয়ন হয়নি। আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছি। শুধুু আশ্বাস পেয়েছি, কোনো কাজ হয়নি।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘বেঞ্চের সমস্যাসহ অন্যান্য সমস্যার কথা উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচিত হয়েছে। আশা করছি, সমস্যা সমাধান হয়ে যাবে।’