বেঞ্চ-সংকটে দাঁড়িয়ে মেঝেতে বসে ক্লাস
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নেওকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২০ জন শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র পাঁচটি বেঞ্চ। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের বই হাতে দাঁড়িয়ে ও মেঝেতে বসিয়ে পাঠদান করতে হয় শিক্ষকদের। প্রায় পাঁচ বছর ধরে এভাবেই চলছে পাঠদান।
বিদ্যালয়ে কর্মরত আছেন মাত্র দুজন শিক্ষক। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে বিদ্যালয়ের বাইরে থাকলে এক শিক্ষককে সামাল দিতে হয় ২২০ জন শিক্ষার্থীকে। এ ছাড়া ৫০ বছর আগে নির্মিত বিদ্যালয় ভবনটিও জরাজীর্ণ হয়ে পড়েছে। এসব সমস্যার কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বেঞ্চ না থাকায় দাঁড়িয়ে ও মেঝেতে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। তিনটি শ্রেণিকক্ষে ক্লাস চলছে। দুই শিক্ষক একই সঙ্গে দুই শ্রেণিতে পাঠদান করছেন। শিক্ষার্থী ও শিক্ষকেরা জানান, দাঁড়িয়ে বা মেঝেতে বসে পাঠদান করা খুবই কঠিন কাজ। এতে শিক্ষার্থীদের পাঠদান বাধাগ্রস্ত হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের এই অবস্থা। শিক্ষক কম থাকায় গত বছরের জানুয়ারিতে অভিভাবকদের টাকায় একজন শিক্ষককে পাঠদানের জন্য রাখা হয়। কিন্তু অসুস্থতার কারণে তিনি আগস্ট মাস থেকে আসতে পারছেন না।
বিদ্যালয় ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে আরও জানা যায়, ১৯১৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৬৫ সালে চার কক্ষবিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করা হয়। ১৯৮৫ সালে ভবনটির ছাদের অবস্থা বেহাল হয়ে পড়ে। তখন ছাদ ভেঙে টিনের ছাউনি দেওয়া হয়। বর্তমানে ভবনটির অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এ বছরের এপ্রিল মাসে দুই দফা ভূমিকম্পে ভবনটির অসংখ্য স্থানে ফাটল দেখা দিয়েছে। বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষকসহ মোট চারজন শিক্ষকের পদ থাকলেও এ বছরের জানুয়ারি থেকে আছেন মাত্র দুজন সহকারী শিক্ষক। তাঁরা হলেন ছাবিনা ইয়াসমিন ও স্বর্ণা আক্তার। প্রধান শিক্ষকের দায়িত্বে থাকায় স্বর্ণা আক্তারকে মাসের মধ্যে পাঁচ-ছয় দিন যেতে হয় উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে।
দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বর্ণা আক্তার বলেন, ‘আমরা বিষয়টি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বারবার অবহিত করেছি। তা ছাড়া তিনি নিজেও পরিদর্শনে এসে বেঞ্চ ও শিক্ষকসংকটের বিষয়টি দেখছেন।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, তিনি ওই বিদ্যালয়ের সমস্যার বিষয়টি জানেন না। তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।