রাজশাহী নগরজুড়ে সড়কদ্বীপ ঘেরা রয়েছে দৃষ্টিনন্দন বেড়ায়। এর ভেতরে ছিল নজরকাড়া সব সবুজ গাছ। সম্প্রতি নগরের গেটার রোড থেকে শুরু করে সিঅ্যান্ডবি মোড় পর্যন্ত বেড়ার ভেতরের গাছ কেটে নেওয়া হচ্ছে। এ জন্য নিয়ম অনুযায়ী কোনো দরপত্র আহ্বান করা হয়নি। নেওয়া হয়নি বন বিভাগের অনুমতি।
কর্তৃপক্ষ বলছে, তারা গাছগুলো কেটে কাঠ করবী লাগাবে। এ গাছ অনেক বেশি অক্সিজেন ছাড়বে।
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের সময়ে নগরের প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে সড়কদ্বীপগুলো খয়েরি রঙের বেড়া দিয়ে ঘেরা হয়। এই বেড়ার ভেতরের সারিবদ্ধ সবুজ গাছ নগরে ঢোকামাত্র যে কারও দৃষ্টি আকর্ষণ করবে। সম্প্রতি নগর ভবনের সামনে থেকে সিঅ্যান্ডবি মোড় পর্যন্ত সড়কদ্বীপের মাঝখানের প্রায় অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। তবে একটানা কাটা হয়নি। কোথাও তিনটি গাছ কাটা হয়েছে। আবার দুটি রেখে হয়তো আবার কয়েকটি কাটা হয়েছে।
গত রোববার শহরের এই এলাকায় ঘুরে দেখা গেছে, এখনো কাটা গাছের গোড়া বেড়ার মধ্যে রয়ে গেছে। কোথাও কোথাও মাটি খুঁড়ে গাছের গোড়া তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। বেশির ভাগ গাছই বেশ কিছুদিন আগের কাটা। তবে সদ্য কাটা গাছের গোড়াও রয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র বলেন, কোনো গাছ কাটতে হলে অবশ্যই বন বিভাগের অনুমতি নিতে হবে। তারপর বন বিভাগের কাছ থেকেই গাছের মূল্য নির্ধারণ করে নিতে হবে। মূল্য নির্ধারিত হলে গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করতে হবে। নির্ধারিত মূল্যের কমে সেই গাছ বিক্রি করা যাবে না। এই নীতিমালার বাইরে সরকারি গাছ কাটার কোনো সুযোগ নেই।
এ এইচ এম খায়রুজ্জামান বলেন, এভাবে নির্বিচারে গাছ কাটা যায় না। তা ছাড়া সরকারি স্লোগান অনুযায়ী দুটো লাগিয়ে তারপরে একটি গাছ কাটতে হবে। তারা যদি শোভাবর্ধনের জন্যও গাছ কাটতে চায়, তাহলে তো একটির জায়গায় দুটি লাগাতে হবে।
পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় সান্যাল বলেন, রাজশাহী একটি চরমভাবাপন্ন নগর। এই নগরের এই সবুজ গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখত। এখন সিটি করপোরেশন হয়তো বলবে, তারা নতুন গাছ লাগাবে। তা করলেও তাদের জনমত যাচাইয়ের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি দেওয়া উচিত ছিল। তাহলে তাদের এই উদ্যোগে জনমত সম্পৃক্ত হতো।
তবে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, পুরোনো গাছ কেটে তারা ওই জায়গায় কাঠ করবীর গাছ লাগাবেন। এ জন্য এলোমেলোভাবে বেড় ওঠা গাছগুলো কাটছেন। কাঠ করবী এখনকার গাছের চেয়ে তিন গুণ বেশি অক্সিজেন ছাড়বে, দেখতেও সুন্দর লাগবে।
তবে প্রধান প্রকৌশলী স্বীকার করেন, গাছ কাটার জন্য সরকারি নীতিমালা অনুযায়ী দরপত্র আহ্বান করা হয়নি। গাছগুলো কেটে তাঁদের ভাগাড়ে রাখা হচ্ছে। পরে একসঙ্গে বিক্রি করা হবে। তিনি বলেন, নীতিমালা অনুযায়ী গাছ কাটতে হলে অনেক দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যেহেতু একটি ভালো উদ্দেশ্যে গাছগুলো কাটা হচ্ছে, সেই জন্য দরপত্র আহ্বান করা হয়নি।
সব গাছ না কেটে মাঝেমধ্যে কেটে কাঠ করবী লাগালে ছোট-বড় হওয়ার কারণে সৌন্দর্য নষ্ট হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, হবে। কিন্তু বড় গাছগুলো কাটলে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হবে।