
ধানমন্ডির ৬ নম্বর সড়কের ৩০ নম্বর প্লটে পুরোনো দোতলা একটা আবাসিক ভবনের সামনের অংশে গড়ে উঠেছিল একটি রেস্তোরাঁ, দুটি মুদিদোকান ও একটি সেলুন। এ অবস্থায় নিজ উদ্যোগে আবাসিক ভবন থেকে বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে ভবনের মালিক নিয়েছিলেন নতুন একটা কৌশল। উচ্ছেদ এড়াতে ওই রেস্তোরাঁসহ দোকানগুলোর সামনের অংশ তিনি ঢেকে দিয়েছিলেন ঝাঁ চকচকে টিনের বেড়া দিয়ে। কিন্তু এতে করেও আবাসিক ভবনে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনাকারী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালতের নজর এড়ানো যায়নি।
গতকাল বুধবার ধানমন্ডিতে পরিচালিত উচ্ছেদ অভিযানে এই ভবনসহ ছয়টি আবাসিক ভবনে গড়ে ওঠা তিনটি রেস্তোরাঁ, একটি বেকারি, চারটি মুদিদোকান ও যুব গবেষণা কেন্দ্র নামের একটি প্রতিষ্ঠান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা, এমএসটি ফার্মাসিউটিক্যালস নামের একটি প্রতিষ্ঠান ও ইস্টার্ন ইউনিভার্সিটি নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কার্যালয় সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে নতুন একটি আবাসিক ভবনে লেকহেড গ্রামার স্কুল নামের একটি বিদ্যালয়ের স্থানান্তর প্রক্রিয়া।
বেলা ১১টার দিকে শুরু হওয়া ধানমন্ডির এই অভিযান পরিচালিত হয় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন, জোন-৫-এর পরিচালক শাহ আলম চৌধুরী ও অথরাইজড কর্মকর্তা এ জেড এম শফিউল হান্নানের নেতৃত্বে। অভিযানের শুরুতে ৫ নম্বর সড়কের ১৫/এ নম্বর প্লটে পাঁচতলা একটি ভবনের নিচতলায় পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা দুটি মুদিদোকান, একটি রেস্তোরাঁ ও যুব গবেষণা কেন্দ্র নামের একটি প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়। তৃতীয় তলায় অবস্থিত দুটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয় দ্রুততম সময়ের মধ্যে তুলে দিতে মালিকপক্ষকে নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
একই সড়কের ২০ নম্বর প্লটে অবস্থিত তিনতলা ভবনটি এমএসটি ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়। ভবনের নিচতলায় গড়ে ওঠা এনলিভেন অ্যাডভান্স ডেন্টাল সেন্টারের সামনের অংশ ভেঙে দিয়ে এমএসটি ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষকে তাদের কার্যালয় সরিয়ে নিতে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির পরিচালক তসলিম হাসান বলেন, ‘আবাসিক ভবন থেকে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে সরকারের এই সিদ্ধান্ত যৌক্তিক। তবে এর জন্য আমাদের যে সাত দিনের সময় দেওয়া হয়েছে, তা যথেষ্ট নয়।’
ভ্রাম্যমাণ আদালত দেখতে পান এই সড়কের ২৬ নম্বর প্লটে ছয়তলা ভবনের পুরোটাই ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিচতলায় গাড়ি রাখার জায়গায় গড়ে তোলা হয়েছে রেস্তোরাঁ, অফিসরুম ও শিক্ষার্থীদের খেলার জায়গা। এ অবস্থায় নিচতলার গাড়ি রাখার জায়গা এক সপ্তাহের মধ্যে ফাঁকা করে দেওয়ার শর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মুচলেকা নেওয়া হয়। সেই সঙ্গে আবাসিক এলাকা থেকে এই ক্যাম্পাসটি দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাংবাদিকদের কিছু বলতে রাজি হয়নি। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির উপপরিচালক মো. ইমতিয়াজ সাংবাদিকদের বলেন, ‘আমরা কি আপনাদের ডেকেছি? আমাদের কোনো বক্তব্য নেই। যা জানার রাজউকের কাছ থেকে জানুন।’
এদিকে ৬ নম্বর সড়কে টিনের বেড়া দেওয়া দোতলা ভবনটির সামনের রেস্তোরাঁ, দোকান ও সেলুন ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে ভবনের ভেতরের অংশে গড়ে ওঠা একটি মটোরগাড়ি মেরামতের দোকান অবিলম্বে সরিয়ে নিতে ভবনের অন্যতম মালিক শওকত আলীকে নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ৭/এ সড়কের ৫৮ নম্বর প্লটে ছয়তলা ভবনের নিচতলায় মিস্টার বেকার নামের একটি বেকারি প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া ১১/এ সড়কে ৭৮ নম্বর প্লটে আরেকটি ছয়তলা ভবনের পুরোটা জুড়ে লেকহেড গ্রামার স্কুল নামের একটি বিদ্যালয় স্থানান্তরের প্রক্রিয়া চলছিল। স্কুলটির বর্তমান অবস্থান একই এলাকার ৬/এ নম্বর সড়কে। ভ্রাম্যমাণ আদালত ওই ভবনের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের নিচতলার একটি অফিসরুম সিলগালা করে দেন।
লেকহেড গ্রামার স্কুলের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মায়ফুল বেগম বলেন, বিদ্যালয়টিতে বর্তমানে সাত শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। ১ আগস্ট থেকে এই ভবনেই শিক্ষার্থীদের নতুন সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। এভাবেই তাঁরা প্রস্তুতি নিচ্ছিলেন।
গুলশানে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ বন্ধ
এদিকে গতকাল গুলশানে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের অভিযানে হলিডে ভিলাগ্রাম নামের একটি আবাসিক হোটেল, তিনটি রেস্তোরাঁ ও একটি গাড়ি বিক্রয়কেন্দ্র বন্ধ করে দিয়েছেন ওই এলাকায় পরিচালিত আরেকটি ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি ভবনের নিচতলার গাড়ি রাখার জায়গা উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি আরেকটি বাড়ির সামনের র্যা ম্প (গাড়ি ওঠা-নামার জায়গা) ও অন্য একটি ভবনের সামনে গড়ে ওঠা বর্ধিত অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।
গতকাল বেলা সাড়ে ১১টায় গুলশান ১ নম্বরের ২ নম্বর সড়ক থেকে শুরু হওয়া এ অভিযান চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
হলিডে ভিলাগ্রাম নামের আবাসিক হোটেলটি গড়ে উঠেছিল ৭ নম্বর সড়কের ১এ/২ নম্বর বাড়িটিতে। হোটেলটির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।