বেড়া পৌর মেয়রের বিরুদ্ধে দুদকের আরেকটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় আরও ১৪ জনকে আসামি করা হয়েছে।
দুদক পাবনা কার্যালয়ের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন গত সোমবার সন্ধ্যায় বেড়া মডেল থানায় মামলাটি করেন।
মামলার অন্য আসামিরা হলেন বেড়া পৌরসভার প্রকৌশলী খন্দকার ফিরোজুল আলম, সাবেক পৌর সচিব রাফিদুর রহমান (বর্তমান পঞ্চগড় পৌরসভায় কর্মরত), কাউন্সিলর শামসুল হক খান, আবদুস সামাদ মহলদার, ইসলাম উদ্দিন, আবু দাউদ শেখ, জয়নাল আবেদিন, হবিবুর রহমান, তৌহিদ আলী, আবদুর রাজ্জাক, নার্গিস আক্তার, মর্জিনা খাতুন, জাকিয়া খাতুন ও হাটের ইজারাদার মাহবুব হোসেন খান।
মামলার বাদী বলেন, বাংলা ১৪০৯ সালে অভিযুক্ত ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে পৌরসভার করমজা চতুরহাট ইজারার বিজ্ঞপ্তি দিয়েছিলেন। আসামি মাহবুব হোসেন সর্বোচ্চ দরদাতা ছিলেন। পরে ইজারাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিরা ১০ শতাংশ মূল্য বৃদ্ধি হারে এক বছরের পরিবর্তে ইজারার মেয়াদ তিন বছর বৃদ্ধি করেন। সেই সঙ্গে ইজারার ভ্যাট, ট্যাক্স বাবদ ৫ লাখ ৩০ হাজার ৮৫০ টাকা ও মোট ইজারা মূল্যের ৫ শতাংশ হারে ১ লাখ ৪৭ হাজার ৪৬০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন।
বাদী বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মামলাটি দায়ের করা হয়েছে। এখন বিস্তর তদন্তর মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেড়া মডেল থানার ওসি শিকদার মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘আমরা মামলা নিয়েছি। এখন দুদক কর্মকর্তারা তদন্ত করবেন।’
বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন বিদেশে অবস্থান করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আবদুল বাতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছোট ভাই। বাতেন ১৯৯৯ সাল থেকে বেড়া পৌরসভার মেয়র। করমজা চতুরহাটসহ পৌরসভার কিছু এলাকায় সীমানা-সংক্রান্ত জটিলতার একটি মামলায় আদালতের নির্দেশে দীর্ঘদিন পৌরসভাটিতে নির্বাচন হচ্ছে না। একই অভিযোগে গত বৃহস্পতিবার দুদক মেয়র আবদুল বাতেনসহ ১৩ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে। মামলা দুটিতে সরকারি হাট ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে ১৩ বছর ধরে অবৈধভাবে ভোগদখল ও ইজারার মাধ্যমে প্রায় ৭৯ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ করা হয়েছে।