বেড়াকে মাদকমুক্ত করার অঙ্গীকার
পাবনার বেড়া থানার পুলিশের উদ্যোগে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে বেড়াকে মাদকমুক্ত করার অঙ্গীকার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেড়া থানার মিলনায়তনে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির উপজেলার ২২ জন মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করেন। তিনি বলেন, এ উপজেলার কোনো মাদক ব্যবসায়ীর আর রক্ষা নাই। থানার কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তারও রক্ষা নাই।
দুপুর সাড়ে বারোটায় শুরু হওয়া অনুষ্ঠানে মাদক প্রতিরোধ নিয়ে আলোচনা হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকির হোসাইন, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. মশিউর রহমান, পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার মিজানুর রহমান বলেন, উপজেলায় যে ২২ জন মাদক ব্যবসায়ীর তালিকা করা হয়েছে তাঁদের বেশির ভাগের বাড়ি পৌর এলাকার বনগ্রাম ও বৃশালিখা মহল্লায়। অথচ উপজেলার অন্যান্য গ্রামেও মাদক ব্যবসা চলে। সেসব গ্রামের এক বা একাধিক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের নামও প্রকাশ করা হোক।
বেড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন বলেন, স্কুলের ছাত্রদের বিরুদ্ধেও মাদক গ্রহণের অভিযোগ পাওয়া যাচ্ছে। সন্ধ্যার পর স্কুল ক্যাম্পাসে এলাকার প্রভাবশালী ব্যক্তি বা তাঁদের সন্তানেরা বহিরাগতদের সঙ্গে মাদক নিচ্ছেন। এ ছাড়া ছাত্রীদের স্কুলে যাওয়া-আসার পথে বখাটেরা উত্ত্যক্ত করছে।
পুলিশ সুপার বলেন, ২২ জনের বাইরে আরও মাদক ব্যবসায়ী থাকলে তাদের তালিকাও করা হবে। আটক হওয়া মাদক ব্যবসায়ীকে ছাড়ানোর ব্যাপারে কেউ তদবিরে এলে নাম প্রকাশসহ প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আর বিবি পাইলট উচ্চবিদ্যালয়ের ক্যাম্পাসসহ অন্য যেকোনো স্থানে যারাই মাদকের আড্ডা বসাক, তাদের কারোরই নিস্তার নাই। বখাটেদের বিরুদ্ধেও আমরা অত্যন্ত কঠোর।’