বেড়ানো আর শপিংয়েই ব্যস্ত তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে এখন হেমন্তের চমৎকার আবহাওয়া। আর এই সুন্দর আবহাওয়ায় ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসা তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে প্রধানমন্ত্রী এখন নিউইয়র্কে। তাঁর সঙ্গে রয়েছে ১৪০ জনের সফরসঙ্গী প্রতিনিধিদল।প্রধানমন্ত্রী গত বুধবার দিনের প্রথমভাগে জাতিসংঘ সদর দপ্তরে ‘গুরুত্বপূর্ণ’ একাধিক সভায় যোগ দেন। কিন্তু তাঁর সঙ্গে আসা প্রতি নিধিদলের সদস্যদের ব্যস্ততা ছিল অন্যত্র। কেউ কেউ ছিলেন আনন্দ-শপিংয়ে ব্যস্ত। অনেকে আত্মীয়পরিজন বা নিজ নিজ এলাকার প্রবাসীদের নিয়ে ঘুরে বেড়িয়েছেন।জাতিসংঘ সদর দপ্তরে চলা বিভিন্ন সভায় অবশ্য দু-একজনকে যোগ দিতে দেখা গেছে। প্রধানমন্ত্রী আজ বিকেলে সাধারণ পরিষদে তাঁর বক্তব্য দেবেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন এই প্রতিবেদককে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাষণের সময় মাত্র আটজন প্রতিনিধি সাধারণ পরিষদে তাঁর সঙ্গে প্রবেশ করতে পারবেন।বুধবার বিকেলের সিংহভাগ সময়ই প্রধানমন্ত্রী গ্র্যান্ড হায়াত হোটেলেই কাটিয়েছেন। রাত আটটা পর্যন্ত প্রবাসী মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনকে সাক্ষাৎ দিয়েছেন। আর গতকাল বৃহস্পতিবারও দিনের বেশির ভাগ সময়ই বিভিন্ন লোকজনকে সাক্ষাৎ দেওয়ার কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আসা সাংবাদিকেরা অনেকটাই একাকী ঘুরে বেড়াচ্ছেন। সংবাদ হওয়ার মতো গুরুত্বপূর্ণ কোনো কর্মসূচি না থাকায় প্রবাসী সহকর্মীদের সঙ্গে জ্যাকসন হাইটস বা এস্টোরিয়ায় আড্ডা চলছে মধ্যরাত পর্যন্ত। বুধবার সন্ধ্যায় গ্র্যান্ড হায়াত হোটেলে গিয়ে তথ্য সংগ্রহের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিবকে পর্যন্ত পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর বহরের সঙ্গে ঢাকা থেকে আসা একজন সংবাদকর্মী নাম প্রকাশ না করার শর্তে বললেন, রাষ্ট্রীয় অর্থে এমন তুঘলকি ভ্রমণে তিনি নিজেই অপরাধবোধে ভুগছেন। কোথাও কোনো কাজ নেই। নানা পর্যায়ের দলীয় নেতা, ব্যবসায়ী, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের নেতা, আমলা, আমলাপত্নী, মহাজোটের ছোট ছোট দলের ‘বড় বড়’ সব নেতা এসেছেন। আবার মন্ত্রী না এলেও এসেছেন মন্ত্রীপত্নী, এসেছেন সাবেক ছাত্রনেতা। কী কাজে নিউইয়র্কে এসেছেন, কেউ কিছু বলতে পারছেন না।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক ম্যানহাটনের প্রবাসী এক ক্যাবচালক জানালেন, তাঁর নিজের এলাকার সাংসদ এসেছেন। যাওয়ার এখনো এক সপ্তাহ বাকি। তবে ইতিমধ্যেই ওই সাংসদের স্যুটকেস কেনাকাটায় ভারী হয়ে গেছে বলে জানালেন তিনি। পাশে থেকে অপর প্রবাসী আলম জানালেন, ‘খুশি হয়ে স্যুটকেসটা আমিই কিনে দিয়েছি নেতাকে।’

এদিকে গ্র্যান্ড হায়াত হোটেলসংলগ্ন ফুটপাতের সামনে দিনরাত জটলা লেগেই আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আসা লোকজনের আতিথেয়তার জন্য প্রবাসী আত্মীয়স্বজন, এলাকার লোকজন ও পরিচিতজনের নিত্য আনাগোনা এখন সেখানে। কাজকর্ম রেখে দলীয় লোকজন ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে আছেন হোটেলসংলগ্ন ফুটপাতে। কিছুক্ষণ পর পর নিরাপত্তারক্ষীদের জটলা না করার নির্দেশনা দিতে দেখা গেছে। ৪২ স্ট্রিটের প্রশস্ত সড়কপথে দ্রুতবেগে ধাবমান গাড়ি থেকে উঁকি দিয়ে বিদেশিরা দেখছেন, বাদামি চামড়ার লোকজনের অস্বাভাবিক জটলা। ব্যস্ত ম্যানহাটনের উৎসুক এক পথচারীর জিজ্ঞাসার জবাবে আমাকে জানাতেই হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশাল আকৃতির সফরসঙ্গী নিয়ে এসেছেন তোমাদের এই আলো ঝলমলে নগরে। তাই এই জটলা।