পাবনার বেড়ায় সরকারি মালিকানাধীন বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রিত পাটকলগুলো প্রয়োজনীয় পাট কিনতে পারছে না। বিজেএমসির নির্ধারিত পাটের ক্রয়মূল্য বাজারমূল্যের চেয়ে কম হওয়ায় ও ব্যবসায়ীদের পাওনা পরিশোধ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
বেড়ায় বিজেএমসির নিয়ন্ত্রণাধীন লতিফ বাওয়ানী জুট মিলস, আমিন জুট মিলস ও গুল আহমেদ জুট মিলসের একটি করে ক্রয়কেন্দ্র রয়েছে। গত তিন বছরে এসব ক্রয়কেন্দ্রের কাছে ব্যবসায়ীদের মোট পাওনা দাঁড়িয়েছে ২ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে গুল আহমেদ জুট মিলসের কাছে ১ কোটি ৫৮ লাখ টাকা, আমিন জুট মিলসের কাছে ৫৩ লাখ টাকা ও লতিফ বাওয়ানী জুট মিলসের কাছে পাওনা রয়েছে ২৫ লাখ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, দু-এক সপ্তাহের মধ্যে বিল পরিশোধের কথা বলে ক্রয়কেন্দ্রগুলো পাট সংগ্রহ করেছিল। কিন্তু তিন বছর পার হলেও তারা বিল পরিশোধ করেনি। কোনো কোনো ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ নিয়ে ক্রয়কেন্দ্রগুলোতে পাট সরবরাহ করেছিলেন। এখন এসব ব্যবসায়ীকে চক্রবৃদ্ধি হারে সুদ টানতে হচ্ছে।
বেড়ার পাট ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘২০১২-১৩ সালে গুল আহমেদ ও আমিন জুট মিলসের ক্রয়কেন্দ্রে পাট সরবরাহ করার পর ১ কোটি ৯ লাখ টাকা বাকি পড়েছে। এই টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল বলে সুদ টানতে টানতে এখন আমার পথে বসার দশা। এ অবস্থায় আর কোনো ক্রয়কেন্দ্রে পাট দেওয়ার উপায় নেই।’
সরেজমিন জানা গেছে, বেড়া ও সাঁথিয়ার হাটগুলোতে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭৫০ টাকা মণ দরে পাট বিক্রি হচ্ছে। অথচ বিজেএমসি পাটের ক্রয়মূল্য নির্ধারণ করেছে ১ হাজার ৪৪০ থেকে ১ হাজার ৭৪০ টাকা। হাট থেকে এমন দামে পাট কিনে ক্রয়কেন্দ্রগুলোতে সরবরাহ করা হলে ব্যবসায়ীদের উল্টো লোকসান হচ্ছে।
বেড়া বাজারের আরেক পাট ব্যবসায়ী রতন দাস বলেন, ‘ক্রয়কেন্দ্রগুলো আমাদের আগের পাওনা শোধ না করায় দিশেহারা। এর ওপর বেশি দামে পাট কিনে লোকসানে পাট সরবরাহের কোনো মানেই হয় না।’
বেড়ার পাট ক্রয়কেন্দ্রগুলো সূত্রে জানা গেছে, জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে সেগুলোতে পাট সংগ্রহ শুরু হয়েছে। গত দেড় মাসে প্রতিটি ক্রয়কেন্দ্রের ২০ থেকে ২৫ হাজার মণ করে পাট সংগ্রহের কথা। অথচ গত শুক্রবার পর্যন্ত তিনটি ক্রয়কেন্দ্রের মধ্যে লতিফ বাওয়ানী ১ হাজার ৭৫০ মণ, গুল আহমেদ ১ হাজার ৫০০ মণ ও আমিন জুট মিলস ৩ হাজার ৮০০ মণ পাট সংগ্রহ করতে পেরেছে।
লতিফ বাওয়ানীর পাট ক্রয় কর্মকর্তা মিজানুর রহমান, গুল আহমেদ জুট মিলসের আলমগীর হোসেন ও আমিন জুট মিলসের জাহাঙ্গীর আলম বলেন, অন্যান্য বছরের তুলনায় ক্রয়কেন্দ্রগুলোতে এবার পাট সংগ্রহ অনেক কম। ব্যবসায়ীদের পাওনা বাকি থাকার পাশাপাশি বিজেএমসির নির্ধারণ করা ক্রয়মূল্যের কারণেও এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিজেএমসি থেকে টাকা পাওয়া মাত্রই ব্যবসায়ীদের পাওনা শোধ করা হবে বলে জানান তাঁরা।
বেসরকারি পাটকলগুলোর ক্রয়কেন্দ্রে পাট কেনা চলছে। বেসরকারি পাটকল জনতা জুট মিলসের বেড়া ক্রয়কেন্দ্রের সহকারী পাট ক্রয় কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ইতিমধ্যেই তাঁরা বেড়া ও কাশীনাথপুর ক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রায় ১ লাখ মণ পাট সংগ্রহ করেছেন।